সড়ক ঝাড়ু দিয়ে রেকর্ড গড়তে চায় ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র সাঈদ খোকন। ব্যাংক ফ্লোর, নগর ভবন, ডিএসসিসি, ৪ এপ্রিল। ছবি: মুসা আহমেদ
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র সাঈদ খোকন। ব্যাংক ফ্লোর, নগর ভবন, ডিএসসিসি, ৪ এপ্রিল। ছবি: মুসা আহমেদ

সড়ক ঝাড়ু দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১৩ এপ্রিল ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে ওই কর্মসূচিতে রাজধানীর কয়েক কিলোমিটার সড়ক ঝাড়ু দেওয়া হবে।

বুধবার দুপুরে ডিএসসিসির নগর ভবনের ব্যাংক ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচি পালন করেছিল ডিএসসিসি।

সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘রেকর্ড গড়া আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সম্পৃক্ত হবে। এটি যথাযথভাবে শেষ করে যদি রেকর্ডে অন্তর্ভুক্ত হতে পারি, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করব।’ তিনি বলেন, ভারতের আহমেদাবাদের একটি শহরে ৫ হাজার ৫৬ জন স্বেচ্ছাসেবক নিয়ে এক কিলোমিটার মিটার রাস্তা পরিষ্কার করে তারা গিনেস বুকে স্থান করে নিয়েছে। ডিএসসিসি এবার সেই রেকর্ডে ভেঙে নতুন রেকর্ডে গড়বে।

সংবাদ সম্মেলনে ডিএসসিসির মেয়র বলেন, ‘বাংলা বছরের শেষ দিন অর্থাৎ ১৩ এপ্রিল সকাল আটটায় নগর ভবনে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হবে। এতে সহায়তা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সকাল নয়টায় নগর ভবন থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত একটি শোভাযাত্রা বের হবে। জিরো পয়েন্ট থেকে সড়ক ঝাড়ু দেওয়া শুরু হবে।

সংবাদ সম্মেলনে রেকিট বেনকিজারের বিপণন পরিচালক সৈয়দ তানজিম রেজওয়ান, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ প্রমুখ বক্তব্য দেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ডিএসসিসির কাউন্সিলররা উপস্থিত ছিলেন।