রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ওয়াসার পাইপলাইন ছিদ্র হয়ে সড়কে জমে থাকা পানি ১৭ ঘণ্টায়ও সরেনি। এতে দিনভর কারওয়ান বাজার থেকে পান্থপথ মোড়ের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এ পথে চলাচলকারীরা বেশ ভোগান্তিতে পড়ছেন।
কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ার কবির সোমবার রাত ৮টায় প্রথম আলোকে বলেন, গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে সার্ক ফোয়ারার ভেতরের পানির পাইপলাইন ছিদ্র হয়ে যায়। তখন থেকে পান্থপথের দিকের সড়কে পানি জমতে থাকে। গতকাল ভোরেই বিষয়টি তাঁরা ওয়াসা কর্তৃপক্ষকে জানিয়েছেন। এরপর সকালে ওয়াসার লোকজন দেখতে আসেন। বিকেলে ঘটনাস্থলের পাশের একটি ভবনের নিচে থাকা পানির সংযোগ বন্ধ করলে পানিপ্রবাহ কিছুটা কমে আসে।
আজ রাত পৌনে আটটার দিকে সরেজমিনে দেখা যায়, ওই সড়কে পানি জমে আছে। সেখানে আগে থেকে তৈরি হওয়া গর্তের কারণে ওই পথ হয়ে স্বাভাবিকভাবে যানচলাচল করতে পারছে না। পথচারীদেরও নির্বিঘ্নে হাঁটা–চলার উপায় নেই।
জানতে চাইলে ওয়াসার মুখপাত্র মোস্তফা তারেক প্রথম আলোকে বলেন, কোনো না কোনো কারণে হয়তো ছিদ্র হয়েছে। কারওয়ান বাজারের সড়কে যেহেতু সব সময় গাড়ির চাপ থাকে। তাই এটি মেরামত করা সম্ভব হয়নি। সড়কের নিচে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ রয়েছে। সব কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে এটি দ্রুতই ঠিক করা হবে।