সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাংলাদেশ মাঠসংলগ্ন মাজেদ সরদার সড়ক দখল করে স্থানীয় লোকজন ইট-বালুর ব্যবসা করছেন৷ এতে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
পুরান ঢাকার বাংলাদেশ মাঠসংলগ্ন মাজেদ সরদার সড়ক দখল করে স্থানীয় লোকজন ইট-বালুর ব্যবসা করছেন৷ এতে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সড়কের দুই পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে চলছে ইট, বালু ও সিমেন্টের ব্যবসা। বাতাসে উড়ছে ধুলাবালি। একপাশে খোলা ডাস্টবিন ছড়াচ্ছে দুর্গন্ধ। পথ চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকদের।
এ অবস্থা পুরান ঢাকার বংশালের বাংলাদেশ মাঠসংলগ্ন মাজেদ সরদার সড়কের। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, কতিপয় ব্যবসায়ী ফুটপাত দখল করে ইট, বালু ও সিমেন্ট রাখায় সারা দিনই সড়কে উড়ছে ধুলাবালি। তা বাতাসে উড়ে আশপাশের বাসাবাড়িতে ঢুকছে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের।
এ ওয়ার্ডের কাউন্সিলর আউয়াল হোসেন প্রথম আলোকে বলেন, মাজেদ সরদার সড়কের পশ্চিম পাশের (বাংলাদেশ মাঠ) দোকানগুলো ভাড়া দিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। এসব দোকানের মালামাল ভেতরে রাখার নির্দেশ দিতে স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। তা করা না হলে ডিএসসিসির ম্যাজিস্ট্রেট দিয়ে দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ডাস্টবিনটি স্থানান্তর করে সিক্কাটুলি লেনে ডিএসসিসির একটি জমিতে নেওয়া হবে। ইতিমধ্যে এই জমিতে বর্জ্য রক্ষণাগার নির্মাণের অনুমতি দিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মাজেদ সরদার সড়কের দুই পাশে ইট, বালু ও সিমেন্টের দোকান আছে প্রায় ২০ থেকে ২৫টি। অধিকাংশ দোকানের মালামাল রাখা আছে সড়ক ও ফুটপাতে। এর মধ্যে সবচেয়ে বেশি ইট ও বালু রেখেছে মেসার্স অনিকা এন্টারপ্রাইজ। এ ছাড়া মাঠের দক্ষিণ-পূর্ব পাশে সড়কের ওপর আছে ডাস্টবিন। এলোমেলো করে রাখা আছে পাঁচটি ময়লা রাখার কনটেইনার। সেখান থেকে প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করতে তা ঘাঁটাঘাঁটি করছেন ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা। এতে করে বাতাসে বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে। নাকমুখ ঢেকে সড়ক দিয়ে চলাচল করছেন পথচারীরা।
মাজেদ সরদার সড়ক দিয়ে আগা সাদেক সড়কে যাচ্ছিলেন পথচারী মজিদ মিয়া। তিনি বলেন, এমনিতেই পুরান ঢাকার অধিকাংশ সড়কে ফুটপাত নেই। এই সড়কে কিছুটা ফুটপাত থাকলেও দখল করে রেখেছেন দোকান মালিকেরা। আর ধুলাবালির কারণে এ পথে চলাচল করা দায়। ফুটপাত দখল হওয়ায় চলাচলে কষ্ট হচ্ছে।
এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ইট-বালুর ব্যবসা চলছে। সড়কে বালু রাখায় সারা দিনই সড়কে ধুলাবালি ওড়ে। জানালা খুলেই ঘরের ভেতরে চলে আসে। ভালো কোনো কাপড় পরে এই সড়কে এলেই ময়লা হয়ে যায়। এ ছাড়া সড়কে ডাস্টবিন রাখায় মহল্লার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়।
ধুলাবালির কারণে মানুষের ভোগান্তির কথা স্বীকার করেন ‘মা ট্রেডার্সের’ মালিক মো. জুয়েল। তিনি বলেন, ‘দোকানের সীমানার ভেতর রাখা বালুর কিছু অংশ সড়কে পড়েছে। তা তুলে দোকানের ভেতর রাখা হবে।’ তবে অনিকা এন্টারপ্রাইজের মালিক আমান উল্লাকে দোকানে পাওয়া যায়নি। অন্য দোকান মালিকেরা এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।