সড়ক দুর্ঘটনা রোধে জাতিসংঘের দশকব্যাপী কর্মসূচি আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা রোধে আজ বুধবার বিশ্বের ৩০০টি স্থানে একযোগে দশকব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, সুশীলসমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫০ লাখ মানুষের প্রাণহানি কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ এসব দেশের একটি। কর্মসূচি সম্পর্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বিশ্বে ১০ লাখের বেশি মানুষ প্রাণ হারায়। ৫০ লাখেরও বেশি মানুষ পঙ্গুত্ববরণ করে। মানবিক ক্ষতির পাশাপাশি বছরে এই দুর্ঘটনায় আর্থিক ক্ষতি ১০০ বিলিয়ন ডলার। এই ক্ষতি অসহনীয়, অগ্রহণযোগ্য। আগামী এক দশকে বিশ্বজুড়ে সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থাপনা চালু, অবকাঠামোগত উন্নয়ন, ঝুঁকিপূর্ণ গাড়ির চলাচল নিয়ন্ত্রণ, আক্রান্ত মানুষের সুচিকিৎসার ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। গত বছর ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদ দশকব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনদশকব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ জানান, ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহত হওয়ার হার ৫০ শতাংশ কমিয়ে আনতে সরকার কাজ করবে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও যোগাযোগ মন্ত্রণালয়সহ আটটি মন্ত্রণালয় আলাদা আলাদা কর্মসূচি নেবে। অধিদপ্তর জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় মহাসড়কের পাশে অত্যাবশ্যক চিকিৎসাসুবিধাসহ বেশ কিছু ট্রমা সেন্টার গড়ে তুলবে। নিকটস্থ বড় হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত হয়ে কেন্দ্রগুলো কাজ করবে। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশে মোট মৃত্যুর ১৪ শতাংশের কারণ সড়ক দুর্ঘটনা। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২৫ শতাংশ শয্যা দুর্ঘটনার রোগীতে পূর্ণ থাকে। দুর্ঘটনাজনিত কারণে দেশে প্রতিবছর তিন হাজার ৮০০ কোটি টাকা ক্ষতি হয়, যা জিডিপির ১ দশমিক ৫ ভাগ।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি কর্মসূচির লাইন ডিরেক্টর এ কে এম জাফর উল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সড়ক নিরাপত্তাবিষয়ক পরামর্শক আবদুর রহমান খান ও অসংক্রামক ব্যাধিবিষয়ক পরামর্শক নাজমুল করিম প্রমুখ।