সড়ক দুর্ঘটনাবিষয়ক আইন সংশোধন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এ-সংক্রান্ত আইন সংশোধন করে আরও কঠোর করার দাবি জানিয়েছেন বিভিন্ন সময়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজন ও সমব্যথীরা।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তাঁরা এ দাবি তোলেন। ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধ পরিবারবর্গ’ (ফুয়ারা) নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, বেপরোয়া গাড়ি চালানো ও আইনের দুর্বলতার কারণে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। তাতে অসংখ্য নিরীহ প্রাণ ঝরে পড়ছে। এ অবস্থার পরিবর্তনের জন্য দ্রুত একটি কঠোর আইন প্রণয়ন করতে হবে। মানববন্ধনে বুয়েটের ছাত্র সম্রাট, স্কুলছাত্র হামিম, নৌ কর্মকর্তা সাবের আহমেদসহ সড়ক দুর্ঘটনায় নিহত বেশ কয়েকজনের স্বজনেরা অংশ নেন।নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িতদের ‘হত্যাকারী’ আখ্যা দিয়ে তাঁদের কমপক্ষে যাবজ্জীবন শাস্তি এবং এই অপরাধকে জামিন অযোগ্য করে একটি ‘পূর্ণাঙ্গ’ আইন প্রণয়নের দাবি জানান।নিহত হামিমের বাবা শেখ মোতালেব প্রথম আলোকে বলেন, ‘হামিমকে চাপা দেওয়া গাড়িটি চালাচ্ছিল বাসের সহকারী। নিরাপদ স্থানে থাকার পরও হামিমকে চাপা দেওয়া হয়।’আবেগরুদ্ধ কণ্ঠে অর্ণবের মা সামিয়া হালিম বলেন, ‘আর কোনো মাকে যেন সন্তান হারিয়ে আমার মতো রাস্তায় নামতে না হয়।’ অর্ণবের খালা সাংসদ ও আইনজীবী তারানা হালিম বলেন, দণ্ডবিধির ৩০৪(খ) ধারায় সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ যাবজ্জীবন শাস্তির বিধান ছিল। কিন্তু ওই ধারা সংশোধন করে পরে শাস্তি মাত্র তিন বছর করা হয়।তারানা হালিম বলেন, ওই ধারা পুনঃপ্রবর্তন এবং এই অপরাধকে জামিন অযোগ্য করার বিষয়টি জাতীয় সংসদে তোলা হয়েছে। আইনটি করা হবে বলে আইনমন্ত্রী আশ্বাসও দিয়েছেন।মানববন্ধনে অংশ নেওয়া বুয়েটের উপাচার্য অধ্যাপক শফিউল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় দোষী ব্যক্তির শাস্তি মাত্র তিন বছরের কারাদণ্ড। এটা যাবজ্জীবন করা হলে দুর্ঘটনা কমে আসবে।মানববন্ধনে অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান অংশ নেন।