সড়ক দুর্ঘটনার আইনের পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, ‘সড়ক দুর্ঘটনার প্রচলিত আইনের পরিবর্তন দরকার। আইন প্রয়োগের মাধ্যমে দোষীর শাস্তিও নিশ্চিত করতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।’ গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাইফ ফাইন্ডেশন, ফ্যামিলিজ ইউনাইটেড এগেইনেস্ট রোড এক্সিডেন্ট (ফুয়ারা) যৌথভাবে ‘সড়ক দুর্ঘটনার কার্যকর প্রতিরোধ চাই’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও বিচার না পাওয়া পরিবারের সদস্যরা সড়ক দুর্ঘটনায় প্রচলিত জামিনযোগ্য আইনের পরিবর্তন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা আজ কিছু বাস্তব পরামর্শ দিয়েছেন, আইন বদলানোর কথা বলেছেন। আমি একজন আইনজীবী ছিলাম এবং আমিও মনে করি প্রচলিত আইন বদলানো দরকার।’ রাষ্ট্রপতি বলেন, জনসংখ্যা ও বহুমাত্রিক যানবাহন বৃদ্ধির কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে জনমত সৃষ্টি হলেও দুর্ঘটনার সংখ্যা কমেনি। রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুরোপুরি চিকিৎসাব্যয় ও পঙ্গুত্ব বরণকারীদের আজীবন অনুদান প্রদানের ব্যবস্থা করার অহ্বান জানান। যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেন, ‘২০২১ সালের মধ্যে সড়ক দুর্ঘটনার হার শতকরা ৫০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে শতকরা ২০ ভাগ দুর্ঘটনা কমিয়ে আনতে স্ট্রাটেজিক রোড সেপটি অ্যাকশন প্ল্যান বাস্তবায়িত হচ্ছে।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘সরকারি হিসাবমতে গত বছর দেশে সড়ক দুর্ঘটনায় দুই হাজার ৯৫৮ জন নিহত হয়েছেন। আর গড়ে প্রতিদিন নিহত হচ্ছে আটজন করে। গত বছর পাঁচ হাজার ৬৩৭টি দুর্ঘটনা ঘটেছে। কিন্তু একটিরও কোনো তদন্ত হয়নি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দুর্ঘটনা প্রতিরোধে আইন এমনভাবে সংশোধন করতে হবে, যেন অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি পায়। সাংসদ তারানা হালিম চালকদের একটি আলাদা পোশাক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। সেমিনারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনা: প্রতিরোধের কার্যকর উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম এ কামাল সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ৩০ দফা সুপারিশ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় পরিবারের সদস্য নিহত হওয়া তিনটি পরিবারকে আর্থিক অনুদান হিসেবে ২০ হাজার করে টাকা ও একটি করে প্রত্যয়নপত্র দেওয়া হয়। ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সামিয়া হালিম, ফুয়ারার আহ্বায়ক ইকরাম আহমেদ প্রমুখ।