সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালককে শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে গাড়ির মালিক, সড়কের নকশা প্রণয়নকারী, ঠিকাদার ও সংশ্লিষ্ট সবার জবাবদিহিও নিশ্চিত করতে হবে।জাতীয় প্রেসক্লাবের সামনে সাইফ ফাউন্ডেশন ও ফ্যামিলিজ ইউনাইটেড অ্যাগেইনস্ট রোড এক্সিডেন্ট (ফুয়ারা) আয়োজিত মানববন্ধনে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। সড়ক দুর্ঘটনায় ক্রমবর্ধমান মৃত্যুর প্রতিবাদে ও সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।সাংসদ তারানা হালিম বলেন, নিয়ম ভঙ্গ করে গাড়ি চালানো চালককে অপরাধী বলতে হবে। অপরাধ প্রমাণ সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে কেউ এর পুনরাবৃত্তি করতে সাহস না পায়।সাইফ ফাউন্ডেশনের চেয়ারপারসন সামিয়া হালিমা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন ও নীতির সংশোধন এবং তা প্রয়োগের দাবি জানান।ফুয়ারার আহ্বায়ক ইকরাম আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনার মতো মানবিক ও স্পর্শকাতর বিষয়টিতে দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন বক্তব্য কাম্য নয়। মানববন্ধনে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা পালোমার মা-বাবা ও বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যরা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।