সড়ক দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে দুর্ঘটনাতেই প্রাণ গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী ও একমাত্র শিশুকন্যার সঙ্গে এসআই কামরুল ইসলাম
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়ক দুর্ঘটনার একটি মামলা তদন্তের জন্য মোটরসাইকেলে উত্তরার দিকে যাচ্ছিলেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। তবে তিনি গন্তব্যে পৌঁছাতে পারেননি। গতকাল বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। বুধবার রাতে ওই দুর্ঘটনায় একই স্থানে ফাতিহা ওরফে সুমি (৩৮) নামের এক নারীও নিহত হন বলে জানা গেছে। তবে পুলিশ বলেছে, একই এলাকায় দুর্ঘটনা হলেও দুজনই একই মোটরসাইকেলে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, বুধবার রাতে ঘটনাস্থল এসআই কামরুলের লাশের পাশে ফাতিহা নামের ওই নারী অচেতন অবস্থায় পড়েছিলেন। তিনি অচেতন থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে ফাতিহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ওই নারী এসআই কামরুলের মোটরসাইকেলে ছিলেন কি না এবং কী ধরনের যানের সঙ্গে কামরুলের মোটরসাইকেলের ধাক্কা লেগেছিল, তা নির্ণয়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কার্যালয়ের সামনে কোনো একটি যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এসআই কামরুল রাস্তায় ছিটকে পড়েন। এতে তাঁর মাথা থেঁতলে ঘটনাস্থলে মারা যান তিনি। কামরুল স্ত্রী ও আড়াই বছরের এক মেয়ে নিয়ে গুলশানের নর্দ্দায় থাকতেন।

বিমানবন্দর থানার এসআই তাইজ উদ্দিন জানান, ফাতিহা তাঁর স্বামীর সঙ্গে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের একটি বাড়িতে থাকতেন। তাঁর স্বামীর নাম কাজী সাইফুল ইসলাম।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এসআই কামরুল দুর্ঘটনার মামলা তদন্তের জন্য উত্তরায় যাচ্ছিলেন। ফাতিহা তাঁর মোটরসাইকেলে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আশকোনায় ফাতিহার একটি আবাসিক হোটেল রয়েছে।

এসআই কামরুলের ভাই জহুরুল ইসলাম জানান, ফাতিহা তাঁদের আত্মীয়া নন।

পুলিশ জানায়, কামরুলের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। গতকাল বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনে জানাজার পর তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাফন করার কথা রয়েছে।