সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজধানীর ডেমরা থানার পাইদি এলাকায় গতকাল সোমবার ভোরে দুটি ট্রাকের সংঘর্ষে বাহাদুর (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি ট্রাকচালকের সহযোগী ছিলেন বলে পুলিশ জানায়। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মতলুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে পাইদি এলাকায় রাঙামাটি থেকে যাত্রাবাড়ীগামী মাছবোঝাই একটি দ্রুতগামী ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবোঝাই ট্রাকের চালকের সহযোগী বাহাদুর গুরুতর আহত হন। পরে স্থানীয় এক মাইক্রোবাসচালক তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এসআই আরও জানান, ঘটনার পর মাছবোঝাই ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে পাথরবোঝাই ট্রাকটি সিলেট থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। পাইদি এলাকায় এলে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের জন্য ট্রাকটিকে সড়কের পাশে রাখা হয়। বাহাদুরের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের পূর্ব রাউজান ফরেস্ট অফিস এলাকায়। তাঁর বাবার নাম ঝুনু মিয়া বলে জানা গেছে।