সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
রাজধানীর মতিঝিলে গতকাল রোববার দুপুরে বাসের চাপায় আবদুল বাতেন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।মতিঝিল থানার পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে দিলকুশা বাণিজ্যিক এলাকায় মিরপুর-যাত্রাবাড়ী (ধানমন্ডি হয়ে) পথে চলাচলকারী শতাব্দী পরিবহনের একটি বাসের চাপায় আবদুল বাতেন ঘটনাস্থলেই নিহত হন। এরপর জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসচালক সোহান শিকদারকে আটক করেছে পুলিশ। বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বাধাগ্রস্ত হয়।নিহত ব্যক্তির ছোট ভাই আবদুল নোমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। বাতেন ভারত থেকে পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি আমদানির ব্যবসা করতেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়।