সড়ক দুর্ঘটনায় কিশোরী নিহত
বাড্ডা এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় উত্তরা রাণী নামে এক কিশোরী নিহত হয়েছে। সে পোশাক কারখানার কর্মী ছিল বলে পুলিশ জানিয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, উত্তরা রাণী বাড্ডার নর্দা এলাকার আলীশা গার্মেন্টসের কর্মী ছিল। সে গতকাল সকাল আটটার দিকে নিজ কর্মস্থলে যাচ্ছিল। এ সময় বাড্ডার নতুনবাজার এলাকার রাস্তা পার হতে গেলে সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। সূত্র জানায়, উত্তরা রাণীর বাবার নাম সুবোধ গুপ্ত ও মায়ের নাম সীমা রাণী। সে মা বাবার সঙ্গে বাড্ডার নূরেরচালা এলাকায় থাকত। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে।