সড়ক দুর্ঘটনায় ছাত্র ও ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী ও ধানমন্ডিতে গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় এক ছাত্র ও ব্যবসায়ী মারা গেছেন। নিহত ছাত্রের নাম মোহাম্মদ আলী (১০) এবং ব্যবসায়ীর নাম নারায়ণ মজুমদার (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরে কালশী মোড়সংলগ্ন সড়ক পার হচ্ছিল মোহাম্মদ আলী। এ সময় একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সে আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মোহাম্মদ আলীর ভাই ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, মোহাম্মদ আলী স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। বাবা ইউনুস মিয়া রিকশাচালক। বাসা কালশী মোড় এলাকায়। গতকাল তার বাবা রিকশা নিয়ে বাসা থেকে বের হলে আলীও বের হয়। বাবাকে কিছু দূর এগিয়ে দিয়ে সে বাসায় ফিরছিল।পল্লবী থানার এসআই আবু বকর সিদ্দিক বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে দেওয়া হয়েছে।এদিকে বিকেলে ধানমন্ডিতে সড়ক পারাপারের সময় দুটি গাড়ির মাঝখানে পড়ে মারা গেছেন নারায়ণ নামের এক ব্যবসায়ী। পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে কলাবাগানের ডলফিন গলিসংলগ্ন সড়কে শুভ পরিবহনের একটি মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মাঝখানে পড়ে গুরুতর আহত হন নারায়ণ। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ধানমন্ডি থানার এসআই এনামুল হক বলেন, বাসসহ চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। নারায়ণের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে।অপমৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাতে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ের একটি বাসা থেকে সুবর্ণা আরেফীন (২৪) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুবর্ণা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ছিলেন। পুলিশ ও পরিবার একে আত্মহত্যা বলে ধারণা করছে।