সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন দনিয়ার দারুল উলুম মাদ্রাসার ছাত্র নুর নবী (১১) এবং আবদুল হাকিম (৬৫) ও সেলিম (২৪)।যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, নুর নবী বেলা সাড়ে ১১টার দিকে শনির আখড়ায় সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির মিনিবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ওই মাদ্রাসার অনেক ছাত্র হাসপাতালে ভিড় করে। নুর নবীর মৃত্যুতে তাদের অনেকে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষার্থীরা জানায়, নুর নবী মাদ্রাসার হোস্টেলে থাকত। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তার বাবা হাফেজ আবু হানিফ চট্টগ্রামে একটি মাদ্রাসায় চাকরি করতেন। এদিকে ভোরে নয়াপল্টনের গাজী ভবনের সামনে সড়ক পার হওয়ার সময় হাকিমকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পল্টন থানার সূত্র জানায়, হাকিম ফজরের নামাজ পড়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তিনি ভিক্ষাবৃত্তি করতেন এবং পল্টনে ফুটপাতে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ার খোপাতিতে।ঢাকা কলেজের সামনে গতকালসকালে বাসের চাপায় সেলিম (২৪) নামের এক যুবক মারা গেছেন। সেলিমের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। তিনি ঢাকায় ছোটখাটো ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস ঢাকা কলেজের সামনে লোকটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।