সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের একজন ভ্যানচালক আরকান হোসেন (৪০) এবং অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে একটি ট্রাক উত্তরার ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দিন রোডে ভ্যানচালক আরকান হোসেনকে চাপা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। এ সময় পথচারীরা চালকসহ ট্রাকটি আটক করে বিমান বন্দর থানায় সোপর্দ করে। আরকানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের আন্দিবাড়ীতে। গতকাল সকালে একটি মাইক্রোবাস বিমান বন্দর থানার কাওলা বাসস্ট্যান্ডে অজ্ঞাত এক তরুণীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই তরুণী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ওই তরুণীর পরনে খয়েরি সালোয়ার ও সুতির সাদা কামিজ রয়েছে। তাঁর বয়স আনুমানিক ১৯ বছর । এর আগে সোমবার রাতে বেপরোয়া গতির একটি ট্রাক মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন পঞ্চবটী রাস্তায় অজ্ঞাত এক বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই বৃদ্ধা ঘটনাস্থলে প্রাণ হারান। পল্লবী থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু: গতকাল রাতে মিরপুরের পূর্ব মণিপুরের বাসা থেকে রাকিব হোসেন নামে এক যুবক বিউটি আক্তার (১৭) নামে এক তরুণীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক বিউটিকে মৃত ঘোষণা করেন। রাকিবের আচরণ সন্দেহ হওয়ায় হাসপাতাল ক্যাম্পের পুলিশ তাঁকে আটক করলেও পরে ছেড়ে দেয়। পুলিশকে রাকিব জানায়, মৃত বিউটি তাঁর বড় বোন রাশিদা বেগমের গৃহকর্মী। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে আনা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ঢাকা মেডিকেল কলেজের মর্গে বিউটির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।