সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
রাজধানীতে দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার দুই ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে খিলক্ষেত থানার নিকুঞ্জ প্রধান সড়কে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে একটি ভ্যানগাড়িকে চাপা দিলে ওই গাড়ির চালক রহিম (৩৫) ও তাঁর সঙ্গী বাবুল হোসেন (৩৫) মারা যান। চালক কাভার্ডভ্যানটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ভ্যানটি আটক করে এবং লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।মৃত রহিমের ভাই সাগর জানান, শনিবার গভীর রাতে রহিম ও তাঁর সঙ্গী বাবুল টঙ্গী থেকে ভ্যানে তুলা নিয়ে রাজধানীর রামপুরায় আসেন। সেখানে তুলা নামিয়ে ভ্যানে চড়ে তাঁরা টঙ্গীতে বাসায় ফিরছিলেন। এ সময় ঘাতক কাভার্ডভ্যানের চাপায় তাঁরা নিহত হন। রহিম ও বাবুল টঙ্গীর মিলগেটে সপরিবারে থাকতেন। রহিমের বাবার নাম ফজল মিয়া। গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে। বাবুলের বাবা সিরাজুল মিয়া। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার বাহেরচরে।খিলক্ষেত থানার অপারেশন কর্মকর্তা দ্বীনে আলম প্রথম আলোকে জানান, দুই ভ্যানচালকের মৃত্যুর বিষয়ে থানায় মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশগুলো স্বজনেরা নিয়ে গেছেন।এদিকে গতকাল সকাল ছয়টার দিকে শ্যামলীর আদাবর বেড়িবাঁধে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল চেক শার্ট ও চেক লুঙ্গি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।