সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
রাজধানীতে গত শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের কারও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে একটি মাইক্রোবাস ক্যান্টনমেন্ট রেলস্টেশনের পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তাঁর বয়স আনুমানিক ৪৮ বছর। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কার্যালয়ের (র্যাব-১) বিপরীত দিকের রাস্তায় একটি মিনিবাস এক বৃদ্ধকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। মিনিবাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ওই দিন রাত সাড়ে নয়টার দিকে গুলশান বাঁশতলা ক্যামব্রিয়ান কলেজের সামনে তুরাগ পরিবহনের একটি বাস অজ্ঞাত এক বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই বৃদ্ধ ঘটনাস্থলে প্রাণ হারান। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। বৃদ্ধের পরনে সবুজ রঙের ফুল শার্ট ও চেক লুঙ্গি ছিল।