সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফেরা হলো না দুই বন্ধুর। গত বুধবার গভীর রাতে খিলগাঁও উড়ালসেতু দিয়ে বাড়ি ফেরার সময় তাঁদের মোটরসাইকেলটি সেতু বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় আহত হন তাঁরা। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়।নিহত দুজন হলেন: শহীদুল আলম ওরফে দীপু (২০) ও আনোয়ার হোসেন (২১)। শহীদুল শান্তিনগর বাজারসংলগ্ন হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র। আর আনোয়ার রমনা ভবনের একটি দরজি দোকানের ব্যবস্থাপক। আনোয়ারের মামা জালালউদ্দিন প্রথম আলোকে জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে রামপুরার একটি বিয়ের অনুষ্ঠান থেকে আনোয়ার ও শহীদুল মুগদাপাড়ার বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন আনোয়ার। খিলগাঁও উড়ালসেতুর ওপর দিয়ে আসার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু বিভাজকের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। এতে আনোয়ার ও শহীদুল ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাঁদেরই একজন ফোনে খবরটি তাঁকে দেন। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে আনোয়ার ও শহীদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ মুগদাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বেপরোয়া মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে দাফনের আবেদন করেছিলেন। পরে অনুমতি দেওয়া হয়। শহীদুল সপরিবারে দক্ষিণ মুগদাপাড়ায় থাকতেন। তাঁর বাবা হাফিজুর রহমান জমির দলিল লেখক। অনোয়ার মা-বাবার সঙ্গে উত্তর মুগদাপাড়ায় থাকতেন। তাঁর বাবা মোহাম্মদ আলী ঢাকা ওয়াসার ঠিকাদার। দুই ভাই ও তিন বোনের মধ্যে আনোয়ার তৃতীয়। গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়।