সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু
বাসের চাকায় পিষ্ট হয়ে গতকাল সোমবার সকালে রাজধানীর আজিমপুরে পোশাককর্মী মোহাম্মদ আলম এবং মালিবাগে ট্রাকচাপায় রেস্তোরাঁকর্মী দিলীপ তালুকদার নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে কলাবাগানে বহুতল ভবন থেকে পড়ে হাফিজুর রহমান নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।লালবাগ থানার পুলিশ জানায়, নিহত আলম রাজধানীর এলিফ্যান্ট রোডের অনন্ত গার্মেন্টসের কর্মী। গতকাল সকালে কামরাঙ্গীরচরের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ইডেন কলেজের সামনে মোহাম্মদপুর থেকে ধূপখোলাগামী ১৩ নম্বর বাস তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল ভোরে মালিবাগ মোড়ে ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন রেস্তোরাঁকর্মী দিলীপ (৪০)। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়। নির্মাণশ্রমিকের মৃত্যু: কলা-বাগানের সেন্ট্রাল রোডে গতকাল সকালে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে যান হাফিজুর রহমান (২০)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।