সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
রাজধানীর শ্যামপুর ও রমনা থানা এলাকায় গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর ছয়টার দিকে শ্যামপুরের জুরাইন নতুন রাস্তায় ট্রাকের ধাক্কায় নিহত হন পথচারী আবদুল জলিল (৬০)। এ সময় একই ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশার চালক রফিকুল ইসলাম (৩৫) আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্যামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া জানান, আবদুল জলিল শ্যামপুরের মীরহাজিরবাগে থাকতেন। রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি সংস্থায় তিনি কাজ করতেন। ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।রমনা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে একটি গাড়ির ধাক্কায় মো. হারিজ (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে।