সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল আরেক শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার পশ্চিম হাজীনগর ওয়াসা রোডে গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় বৃষ্টি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ নিয়ে রাজধানীতে গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হলো। বৃষ্টির বাবা হাবু মিয়া রিকশাচালক। তিনি পরিবার নিয়ে ওয়াসা রোডেই থাকেন। ডেমরা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি ওয়াসা রোডে হাঁটছিল। হঠাৎ করে বালুবোঝাই একটি ট্রাক তার ওপর উঠে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ট্রাকচালক আখতার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।এ ছাড়া গতকাল ভোর পাঁচটার দিকে শাহবাগ মোড়ে যাত্রাবাড়ী-গাবতলী রুটের একটি বাস ও ফাল্গুন পরিবহনের একটি বাসের সংঘর্ষে দুজন আহত হন। তাঁরা হলেন গৃহবধূ রীতা বেগম (৩০) ও তাঁর প্রতিবন্ধী শিশু সন্তান রামিম (১২)। রামিম গান গায়। একটি অনুষ্ঠানে যোগ দিতে মায়ের সঙ্গে যাচ্ছিল সে। রীতার অবস্থা আশঙ্কাজনক।তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার: দক্ষিণখান থানার মধ্য আজিমপুরের একটি টিনশেডের বাসা থেকে সোমবার রাতে মারুফা (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মারুফা একটি বিউটি পার্লারে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া গ্রামে। দক্ষিণখান থানার পুলিশ জানায়, মারুফা মধ্য আজিমপুরের সংগ্রামী রোডের একটি টিনশেডের বাসায় একাই থাকতেন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে সোমবার রাত সাড়ে আটটার দিকে ওই বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জানায়, তিন চার বছর আগে এক যুবকের সঙ্গে মারুফার বিয়ে হয়। বিয়ের তিন মাস পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। বেশ কিছুদিন পর আবারও আজিজ নামের এক ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। সপ্তাহ দুয়েক আগে তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। পুলিশের ধারণা, এর জেরে মারুফা আত্মহত্যা করতে পারেন।