সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এছাড়া শেরে বাংলা নগর থানা এলাকায় গত দুই দিনে নারীসহ দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হক প্রথম আলোকে বলেন, দুপুরে পশ্চিম কাফরুল এলাকায় বাংলাদেশ রেন্ট-এ কারের সামনের সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় মো. সবুজ (২৫) নামের ওই যুবক নিহত হন। সবুজ লেগুনার চালকের সহযোগী ছিলেন। পশ্চিম কাফরুল থেকে গাড়ির যন্ত্রাংশ কিনে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তাঁর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। একই থানার এসআই সরদার নিজামুল হক বলেন, গত সোমবার রাত ১২টার দিকে সোহ্রাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার দুপুরের দিকে কয়েক ব্যক্তি ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একপর্যায়ে ওই ব্যক্তিরা গাড়ি ভাড়া করার কথা বলে সটকে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় ফোন করে বিষয়টি জানায়।এসআই নিজামুল বলেন, ওই যুবকের শরীরে কালো জখম রয়েছে। তাঁর মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।একই থানা এলাকায় গতকাল মঙ্গলবার সালমা বেগম (২০) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বামী রাজীব হোসেনের দাবি। গৃহবধূর গ্রামের বাড়ি কুমিল্লায়।বিডিআর বিদ্রোহের আসামির মৃত্যু: গত সোমবার রাত আটটার দিকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাবুদ্দিন শেখ (৪৫) নামের বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তিনি অধুনাবিলুপ্ত বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ৪৪ নম্বর ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ছিলেন। থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক বলেন, গত রোববার কাশিমপুরে কারাগারে শাহাবুদ্দিনের স্ট্রোক হয়। পরে তাঁকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে হূদরোগ ইনস্টিটিউটে আনা হয়। শাহাবুদ্দিনের বাড়ি নড়াইলের লোহাগাড়া এলাকায়। তিনি দুই সন্তানের জনক ।