সড়ক দুর্ঘটনায় হোটেলের মালিকসহ নিহত ৪
রাজধানীতে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় বিজয়নগর আবাসিক হোটেলের মালিকসহ চারজন মারা গেছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, গতকাল সোমবার দুপুরে বিজয়নগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সমীর উদ্দিন ওরফে সম্মু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ওসি জানান, দুপুর ১২টার দিকে হোটেল কর্মচারী আসাদকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কাপ্তান বাজারে যাচ্ছিলেন সমীর। বিজয়নগর পানির ট্যাংকের কাছাকাছি গেলে মোটরসাইকেলটির সঙ্গে নাইটিংগেল মোড় থেকে পল্টনগামী অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও আসাদ সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকি ৎ সক সমীরকে মৃত ঘোষণা করেন। তবে আসাদের অবস্থা আশঙ্কামুক্ত।ওসি আরও জানান, সমীর মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির দিন থাকায় রাস্তা ছিল ফাঁকা। এ কারণে মোটরসাইকেলসহ অনেক যানবাহন চলছিল বেপরোয়াভাবে। তা ছাড়া, নিহত সমীরের মাথায় কোনো হেলমেট ছিল না। নিহত সমীরের ভাগনে কাজী শাহরিয়ার পারভেজ জানান, সমীর ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে পুরানা পল্টন এলাকায় থাকতেন। তিনি বিজয়নগরের একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন। তা ছাড়া কামরাঙ্গীরচরে আবছার ফুড ইন্ডাস্ট্রিজ নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এদিকে এ ঘটনার তিন ঘণ্টা পর মিরপুরে বাসের ধাক্কায় হরমুজ (২০) ও সাদ্দাম (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গতকাল বেলা তিনটার দিকে আনসার ক্যাম্পসংলগ্ন সড়ক এলাকায় চিড়িয়াখানা থেকে সদরঘাটগামী তানজীল পরিবহনের একটি বাস একটি লেগুনাকে পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে লেগুনার চালকের সহযোগী হরমুজ ও যাত্রী সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসসহ চালক রবিকে (২৭) আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে আব্দুল গণি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় গোলাম হায়দার (১৮) নামের এক তরুণ মারা যান। তিনি ওই সড়কসংলগ্ন রেলভবনের কর্মচারী ছিলেন। তিনি শাহবাগের শিক্ষাভবন-সংলগ্ন এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের বসুরপুর এলাকায়। বাবা নূরুল হুদা। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ছোট। আরও দুটি অপমৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত রোববার দুপুরে পশ্চিম আগারগাঁও এলাকায় বিদ্যু ৎ স্পৃষ্ট হয়ে আজিজুর রহমান (২৪) নামের এক যুবক মারা গেছেন। তিনি পাইলিংয়ের মিস্ত্রি ছিলেন। তিনি আগারগাঁওয়ে করভবনে পাইলিংয়ের কাজ করছিলেন। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার করমতলী গ্রামে। বাবা সিরাজুল ইসলাম। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গত শনিবার রাত ১০টার দিকে আদাবর এলাকায় একটি খাল থেকে এক অজ্ঞাতনামা শিশুর (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শিশুটি গোসল করতে নেমে আর উঠতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।