সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হোসেনের (২৭)। গতকাল বুধবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তিনি প্রিমিয়ার ব্যাংকের কাকরাইল শাখার কনিষ্ঠ কর্মকর্তা ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে মৎস্য ভবনের মোড়ে রাস্তা পার হওয়ার জন্য সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল ও তাঁর সহকর্মী মোহাম্মদ হোসেন। এ সময় মিরপুর থেকে সেফটি পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। বাসের ধাক্কায় মোজাম্মেলের দুই পা ভেঙে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোজাম্মেলের সহকর্মী মোহাম্মদ হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, একটি কাজ শেষে তাঁরা কর্মস্থলে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার জন্য সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে ছিলেন।খবর পেয়ে মোজাম্মেলের স্বজন ও সহকর্মীরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, চালক পালিয়ে গেছেন। তবে চালকের সহকারীকে আটক করা হয়েছে।আট মাস আগে মোজাম্মেল প্রিমিয়ার ব্যাংকের কনিষ্ঠ প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি তাঁর বড় ভাই মো. শাহজাহানের ভাটারা থানার খিলবাড়িরটেকের বাসায় থাকতেন। মোজাম্মেলের গ্রামের বাড়ি বরগুনার আমতলীর কুকুরা গ্রামে।দুই নির্মাণশ্রমিক নিহত: রাজধানীর শান্তিবাগে গতকাল দুপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুজন শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন আজিজুল (৪৫) ও আবু বকর (২২)।পুলিশ সূত্র জানায়, শান্তিবাগ নূর জামে মসজিদের পাশে একটি নির্মাণাধীন আটতলা ভবনের সপ্তম তলার বাইরে মাচা বেঁধে আস্তরণের কাজ করছিলেন রাজমিস্ত্রি আজিজুল হক, আবু বকর ও আবদুল কাদের। একপর্যায়ে মাচা ভেঙে গেলে সেখান থেকে পড়ে যান তাঁরা। ভবনের অন্য শ্রমিকেরা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বেলা একটার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা আজিজুল ও আবু বকরকে মৃত ঘোষণা করেন। কাদের চিকিৎসাধীন আছেন।শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম প্রথম আলোকে ঘটনাটি নিশ্চিত করেছেন।