সড়ক ভবন খালি করা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশে খালি করা শুরু হয়েছে সড়ক ভবন। গতকাল সোমবার সকাল আটটা থেকে ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের আসবাব ও ফাইলপত্র ট্রাকে করে সরানো শুরু করেছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কয়েকজন কর্মকর্তা জানান, এখনো বিকল্প কার্যালয় ঠিক হয়নি। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মালামাল আপাতত মিরপুরে সড়ক গবেষণাগারে, তেজগাঁওয়ে সওজের কারখানায়, এলেনবাড়ীতে ঢাকা সার্কেল কার্যালয়, বনানীতে ঢাকা বিভাগীয় কার্যালয় ও টঙ্গীর উপবিভাগীয় কার্যালয়ে স্থানান্তর করা হচ্ছে। গত বৃহস্পতিবার হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে এই ভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। কাল বুধবার ওই সময়সীমা শেষ হচ্ছে। সওজের অধীনে সারা দেশে সড়ক-মহাসড়ক আছে ২১ হাজার কিলোমিটারেরও বেশি। এগুলোর রক্ষণাবেক্ষণ ছাড়াও ১৬০টি উন্নয়ন প্রকল্প চলমান আছে। প্রধান কার্যালয় সরানোর ফলে দৈনন্দিন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে কর্মকর্তারা জানান। সড়ক ভবনে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে মহাসড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য একটি সার্ভার বসানো হয়েছে। এর কার্যক্রমও আপাতত বন্ধ। এ ছাড়া সারা দেশে ঠিকাদারদের বিল পরিশোধের জন্য কেন্দ্রীয় একটি ব্যবস্থা আছে। এটির কার্যক্রমও ব্যাহত হচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে সারা দেশে বিপর্যস্ত সড়ক মেরামতের কাজ চলছে। আগামী বর্ষার আগে মেরামত শেষ করতে না পারলে আবারও গত বছরের মতো বিপর্যয় দেখা দিতে পারে। সড়ক ভবন স্থানান্তর ওই কাজ ব্যাহত করতে পারে। সওজ সূত্র জানায়, ১৯৭৮ সালে সাত একরের বেশি জায়গাজুড়ে সড়ক ভবন গড়ে ওঠে। এর আগে এটি সিঅ্যান্ডবি কার্যালয় হিসেবে ব্যবহূত হয়েছে। তিনটি ব্লকসহ কয়েকটি ছোট ভবনের প্রায় এক লাখ ২০ হাজার বর্গফুট জায়গা সওজের কাজে ব্যবহূত হতো। সেখানে কর্মরত ছিলেন প্রায় এক হাজার ৫০০ জন কর্মকর্তা-কর্মচারী। সওজের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর প্রথম আলোকে বলেন, এখনো নতুন কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। তবে উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে ভবনের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।