সড়কপথে নির্বিঘ্ন পরিবহন ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে সড়কপথে যাতায়াতে নির্বিঘ্ন পরিবহনব্যবস্থার আশ্বাস দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যাত্রাবাড়ী-গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ না হওয়ায় যানজট হচ্ছে। এ বিষয়ে সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।রেল ভবনে গতকাল বৃহস্পতিবার এক সভা শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ‘ঈদে ঘরমুখী মানুষকে নিরাপদে বাড়ি নিয়ে যেতে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, সিএনজিচালিত যানে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ঈদ উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশনগুলো ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া মেঘনা-গোমতী সেতুর স্থানে যানজট নিরসনের ব্যবস্থা নেওয়া, সেতুতে রেকার রাখা, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে বিকল্প সড়ক ব্যবহার করার বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে।খারাপ সড়কগুলো প্রতিনিয়ত ঠিক করা হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে মহাসড়ক-গুলোতে গাড়ি চলাচলে সমস্যা হবে না।’ তিনি বলেন, ‘সমালোচনা করুন, অপপ্রচার করবেন না। সামনে কঠিন পরীক্ষা, আপনাদের সহযোগিতায় পাস করতে চাই।’সভাসূত্র জানায়, সভায় উপস্থিত পরিবহন মালিক সমিতির নেতারা ঈদের সময় কোনো দুর্ঘটনা হলে সড়ক থেকে যানবাহন সরানোর জন্য সেনাবাহিনীর কাছ থেকে রেকার আনার দাবি জানান। এ বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করা হবে বলে মন্ত্রী তাঁদের আশ্বাস দেন। তিনি জানান, স্থানীয়ভাবে যাতায়াতব্যবস্থা নির্বিঘ্ন করতে রাজধানীসহ বিভিন্ন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত বিভিন্ন জেলার পুলিশ সুপাররা জানান, কোথাও সড়কে কোনো সমস্যা নেই।সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।