
রাজধানীর বাসাবো টেম্পোস্ট্যান্ড থেকে নন্দীপাড়া সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক বেহাল। সড়কের বেশির ভাগ অংশের পিচ উঠে গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। সড়কের এই বেহাল অবস্থার কারণে দুর্ভোগে পড়েছে এই সড়ক ব্যবহারকারী কয়েকটি এলাকার হাজারো মানুষ।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বাসাবো টেম্পোস্ট্যান্ড থেকে শুরু করে আগমন সিনেমা হল, পাটোয়ারি গলি, মাদারটেক চৌরাস্তা হয়ে নন্দীপাড়া সেতু পর্যন্ত পুরো সড়কের বেশ কিছু অংশ ভেঙে গেছে। যানবাহন থেমে থেমে চলাচল করছে। অটোরিকশা গর্তে পড়ে আটকে যাচ্ছে। এতে ব্যস্ত এই সড়কে তৈরি হচ্ছে যানজট। ফুটপাত না থাকায় কাদাপানিতে সয়লাব সড়কে হেঁটে চলাচল করছে অনেকে।
সড়কটি ব্যবহার করে ডেমরা ও নন্দীপাড়ার বাসিন্দারা বাসাবো বিশ্বরোড, বৌদ্ধমন্দির, খিলগাঁও, রামপুরাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। সড়কের দুই পাশে রয়েছে বেশ কিছু দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়, কমিউনিটি সেন্টার, হাসপাতাল, পোশাকশিল্প কারখানা, বাজার, স্কুল-কলেজ ও মসজিদ।
এই সড়কে চলাচলকারী অটোরিকশার চালক আনোয়ার হোসেন বলেন, প্রায় চার বছর ধরে রাস্তাটা খারাপ। বড় গর্তে গাড়ি আটকে যায়, কাচ ভেঙে যায়। সামনে বসলে ঝাঁকুনির কারণে অনেক সময় যাত্রী রাস্তায় পড়ে যায়।
বাসাবো ও মাদারটেক এলাকার তিনজন বাসিন্দা জানান, সড়ক খারাপ হওয়ার কারণে শিশুদের নিয়ে সময়মতো স্কুলে পৌঁছানো যায় না। প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। রাতের বেলা দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। রাতে সড়কের দুই কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। তখন গাড়ি মুগদা, গোড়ান কিংবা রাজারবাগ কালীবাড়ি দিয়ে ঘুরে মাদারটেক যেতে হয়। যানজট কমাতে দিনের বেলা কমিউনিটি পুলিশের কয়েকজন সদস্য থাকলেও রাতের বেলায় থাকেন না। ভারী যানবাহন চলাচল করায় সড়কের অবস্থা আরও বেহাল হয়ে গেছে।
সাদিয়া তাসনিন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, রাস্তা ভাঙা থাকার কারণে রিকশা বা অটোরিকশায় উঠলে মনে হয় যেকোনো সময় গাড়ি উল্টে যাবে। গাড়ি ঠিকভাবে চলাচল করতে না পারার কারণে সব সময় জ্যাম লেগে থাকে।
বাসাবো-নন্দীপাড়া সড়কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারের জন্য দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী জুলাইয়ে কাজ শুরু হতে পারে।