সড়কে গাড়ির চাপ, আটকালে নানা অজুহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারা দেশে দুই সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার
ছবি: সাইফুল ইসলাম

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের ১১তম দিন আজ রোববার। আজ সকাল থেকে রাজধানীর মহাখালী, তেজগাঁও, মগবাজার, মৌচাকসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের চাপ রয়েছে। পুলিশের তল্লাশিচৌকিতে এসব গাড়ির আরোহীরা বাইরে বের হওয়ার নানা কারণ বলছেন। তবে পুলিশ বলছে, অনেকেই নানান অজুহাত দিচ্ছেন। তাঁদের সাবধান করা হচ্ছে। কারও কারও বিরুদ্ধে মামলাও হচ্ছে।

বেলা ১১টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল বিধিনিষেধ কার্যকরের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল। সেখানে ১৫ মিনিট অপেক্ষা করে দেখা যায়, একের পর এক গাড়ি তল্লাশি করা হচ্ছে। সেখানে থাকা র‍্যাবের এক কর্মকর্তা বলেন, চলাচল কিছুটা বেড়েছে।

তেজগাঁও বিজি প্রেসসংলগ্ন সড়কের চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে দেখা গেল পুলিশকে। সেখানে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, অনেকে রাইড শেয়ারিং করছেন। তাদের তৎপরতা কমাতে মোটরসাইকেলচালকদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে।

মগবাজার চৌরাস্তায় এসে ভাড়ায় চলা দুজন মোটরসাইকেলচালককে পাওয়া গেল। তাঁদের একজন কলেজছাত্র আব্দুর রহমান। তিনি বলেন, তাঁরা দুদিন ধরে রামপুরা-হাতিরঝিল রুটে যাত্রী আনা-নেওয়া করছেন। ধরা পড়ে টাকাও (ঘুষ) দিয়েছেন।

মগবাজার চৌরাস্তায় দাঁড়িয়ে দেখা গেল, সড়কে অনেক ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। এ ছাড়া প্রচুর রিকশাও চলছে। পুলিশ তাদের আটকিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে কেউ বলছেন রোগী আছে। কেউ-বা বলছেন, তাঁরা রোগীর স্বজন, হাসপাতালে যাচ্ছেন।

ব্যক্তিগত গাড়ি নিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকায় এসেছেন নাঈমুর রহমান। পুলিশ তাঁকে আটকিয়ে বাইরে আসার কারণ জিজ্ঞেস করলে তিনি দাবি করেন, তাঁর চাচির করোনা পজিটিভ। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি তাঁর চিকিৎসার খরচ নিয়ে ঢাকায় এসেছেন। তবে পুলিশ নাঈমুরের চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারে ভিন্ন কথা।

পুলিশের তল্লাশিচৌকিতে গাড়ির আরোহীরা বাইরে বের হওয়ার নানা কারণ বলছেন
ছবি: সাইফুল ইসলাম

রমনা ট্রাফিক জোনের সার্জেন্ট শেখ ইমরান প্রথম আলোকে বলেন, অনেকে বাসা থেকে বের হচ্ছেন। তাঁদের ধরলে তাঁরা নানা অজুহাত দিচ্ছেন। ফলে চাইলেও তাঁদের আটকানো যাচ্ছে না। তবে লোকজনকে সতর্ক করা হচ্ছে।

কঠোর বিধিনিষেধের মধ্যে ‘অকারণে’ রাস্তায় বের হওয়ায় রাজধানীতে গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৭৯১ জনকে গ্রেপ্তার করে।

সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারা দেশে দুই সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। তবে এখন পর্যন্ত সংক্রমণে এসব বিধিনিষেধের প্রভাব দেখা যাচ্ছে না। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, বিধিনিষেধের প্রভাব চলতি সপ্তাহ থেকে দৃশ্যমান হতে পারে। চলতি সপ্তাহ থেকে সংক্রমণে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাওয়ার সম্ভাবনা আছে। তবে মৃত্যু কমতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে।