সড়কে দোকানপাট, আবর্জনা চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ ব্যাংক ও জীবন বীমা ভবনের মাঝের সড়ক দিয়ে চলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে। সড়কে দোকানপাট, মাছ-মুরগি ও সবজির বাজার, অনুমোদনহীন ক্লাবঘর আর নোংরা আবর্জনার কারণে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।সম্প্রতি ওই সড়কে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। বিভিন্ন স্থানে আশপাশের সরকারি-বেসরকারি কার্যালয়গুলোর গাড়ি রাখা হয়েছে। গাড়ি ঘেঁষেই আছে মোরগ-মুরগিভর্তি খাঁচা। বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে মুরগির নাড়িভুঁড়ি ও পালক। এ কারণে চরম দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে।ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, এলাকায় শব্দদূষণ তো আছেই, এর সঙ্গে বায়ুদূষণও যোগ হয়েছে। আশপাশের কয়েকটি হোটেলের বর্জ্যে এই সড়ক নোংরা হচ্ছে। অনেক সময় মোরগ-মুরগি ও খাসির নাড়িভুঁড়িও ফেলা হয় এখানে। বিষয়টি ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতাও পাওয়া যায়। খাবারের হোটেলের বিভিন্ন ধরনের বর্জ্য সড়কে ফেলতে দেখা যায়। অভিযোগকারীরা জানান, সড়কে মুরগি কাটা ও সড়ক নোংরা করার দায়ে কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালত হীরাঝিল হোটেল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেন।হীরাঝিল হোটেলের অন্যতম স্বত্বাধিকারী আহমেদ জসিম জরিমানার কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, ফ্রিজে ‘মরা মুরগি’ রাখার কথা বলে অহেতুক জরিমানা করা হয়। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) একটি সমস্যার কারণে চুল্লি তৈরি করেও ব্যবহার করা যাচ্ছে না বলে তিনি দাবি করেন।সড়কের পাশে গড়ে ওঠা কয়েকটি দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টাকা দিয়ে তাঁরা অস্থায়ী দোকান করেছেন। কাদের টাকা দেন—এই প্রশ্নের জবাব দিতে রাজি হননি তাঁরা।জীবন বীমা ভবনের পাশ থেকে ওয়াপদা ভবনের পেছনের দিকের অভ্যন্তরীণ ফটক পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তায় চলাচলের জায়গা প্রায় নেই বললেই চলে। কারণ পুরো রাস্তায় ময়লা-আবর্জনা অথবা ভ্রাম্যমাণ দোকানপাট রয়েছে। অবৈধ কাঁচাবাজার, ক্লাবঘর ও কনটেইনার: কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ ব্যাংক ভবনের সামনের ফুটপাত ও দক্ষিণ দিকের রাস্তাজুড়ে দুপুরের পরেই বাজার বসে। বাজারের যত বর্জ্য, সবই ছড়িয়ে থাকে সড়কের ওপর। মুরগি ও মাছ বিক্রির পর রাস্তার মধ্যেই কাটা হয়। ফলে পালক আর নাড়িভুঁড়ি রাস্তার ওপরেই পড়ে থাকে।আবর্জনা ফেলার জন্য ডিসিসির একটি কনটেইনার একরকম সড়কের ওপরই রাখা হয়েছে। এর আশপাশেও নোংরা ছড়িয়ে পড়েছে। কনটেইনারের পেছনে শ্রমিক লীগের অঙ্গসংগঠন নাম দিয়ে ‘যুব শ্রমিক পল্লী’ নামে একটি ক্লাবঘর করা হয়েছে।ওই অঞ্চলে ডিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা মনোয়ার হোসেন দাবি করেন, ওই সড়কের আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয়। ক্লাবঘর নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। রাস্তা ও ফুটপাতে কাঁচাবাজার সম্পর্কে তিনি বলেন, ‘এটা অবৈধ হলেও কিছু করার নেই। অফিসফেরত লোকদের খুব উপকারে আসে এই বাজার।’ হীরাঝিল হোটেলের পেছনে ময়লা-আবর্জনার অবস্থা দেখতে তিনি শিগগিরই ওই এলাকায় যাবেন এবং অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেবেন বলে জানান।