সড়কে সমাবেশ, বছরের প্রথম দিনেই দুর্ভোগ
বছরের প্রথম দিনে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সড়ক আটকে রাজনৈতিক সমাবেশের কারণে ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। গতকাল দিনের প্রথম ভাগে রাজধানীর বিজয়নগরের প্রধান সড়ক আটকে সমাবেশ করেছে জাতীয় পার্টি। বিকেলে হাতিরপুল বাজার এলাকায় সড়কের মাঝখানে মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে যুবলীগ।এদিকে দুপুরের পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের মিছিল আসায় সংলগ্ন এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়গতকাল বেলা ১১টা ছিল জাতীয় পার্টির মহাসমাবেশের নির্ধারিত সময়। সকালের মধ্যেই রাস্তার ওপর মঞ্চ তৈরির কাজ শেষ হয়। তাই সকাল থেকেই পল্টন থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল (আঞ্জুমানের) মোড় পর্যন্ত সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। সমাবেশ শুরু হওয়ার পর যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। বেলা দুইটার দিকে সমাবেশ শেষ হয়। এরও দুই ঘণ্টা পর মঞ্চ সরিয়ে নেওয়া হয়। ততক্ষণ পর্যন্ত রাস্তাটি বন্ধই ছিল।বিজয় নগরের সড়কটি বন্ধ থাকায় দিনভরই পুরানা পল্টন, নয়াপল্টন, মতিঝিল, কাকরাইল মোড়, মালিবাগ এলাকায় যানজট লেগেই ছিল। এদিকে গতকাল বিকেলে রাজধানীর হাতিরপুলে যুবলীগের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি হচ্ছিল। সড়কটির দুই পাশে দুটি ঠেলাগাড়ি রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যায় সেখানে অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এর ফলে বাংলামোটর ও কাঁটাবন এলাকায় যানজট সৃষ্টি হয়। সরকারি দলের অঙ্গসংগঠন একটি সড়ক পুরোপুরি বন্ধ করে মঞ্চ তৈরি করায় পথচারীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম জানান, জাতীয় পার্টির সমাবেশের লিখিত অনুমতি দেওয়া হয়নি। অনেকটা চাপে পড়েই তাদের মৌখিকভাবে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে হাতিরপুলে যুবলীগের মঞ্চ তৈরির বিষয়টা তিনি জানেন না।