সড়কের এ কী হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিবাগ চৌধুরীপাড়া সড়ক এমনই বেহাল। সড়কের উত্তর অংশ থেকে ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো
মালিবাগ চৌধুরীপাড়া সড়ক এমনই বেহাল। সড়কের উত্তর অংশ থেকে ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো

মূল সড়ক থেকে নিচু হওয়ায় পাঁচ মিনিটের বৃষ্টিতেই ডুবে যায় মালিবাগ চৌধুরীপাড়ার সড়কটি। এ ছাড়া সড়কে জমে থাকে সুয়ারেজের পানি।

রামপুরা সড়ক থেকে পূর্ব দিকে গেলে চৌধুরীপাড়া সড়ক। ওয়াসার কাজে সড়কের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করা হয়েছে, কিন্তু এখনো ঢালাইয়ের কাজ হয়নি। এতে সড়কে তৈরি হয়েছে গর্ত।

মালিবাগ চৌধুরীপাড়া সড়কে আছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ও ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। সড়কের দুরবস্থার কারণে এ দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া নাজ ও রাজর্ষি পাল প্রথম আলোকে বলে, সড়কটি স্কুলের শিশু শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সড়ক বা ফুটপাত কোনোটিই চলাচলের জন্য নিরাপদ নয়। রিকশায় চড়লেও দুর্ঘটনার আশঙ্কা থাকে। আর বৃষ্টি হলে রাস্তা ডুবে যায়। সে সময় গাড়িতেও যাওয়া-আসা করা যায় না।

বর্ষায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায় বলে জানালেন সাউথ পয়েন্ট স্কুলের নিরাপত্তারক্ষী ফজলুল হক। তিনি বলেন, বৃষ্টি হলে স্কুলের সিঁড়ি পর্যন্ত পানি উঠে যায়।

লিপি আক্তারের মেয়ে লামিয়া তাসমিন সাউথ পয়েন্ট স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। লিপি আক্তার বলেন, ‘এই সড়ক দিয়ে আমাদের চলাচলে অসুবিধা হলেও মেনে নিতে হচ্ছে।’

এই সড়কে ১৫ বছর ধরে ভ্যানে করে দেশি ফল বিক্রি করছেন ইব্রাহীম হাওলাদার। তিনি বলেন, রামপুরায় সড়কের কাজ চলছে আর মালিবাগে চলছে উড়ালসড়কের কাজ। এ কারণে রামপুরা-মালিবাগ সড়কের সব গাড়ি চলছে এই পথ দিয়ে। বড় বড় গাড়ি চলাচল করায় সড়ক ভেঙে গেছে। তিনি বলেন, ভাঙাচোরা এই সড়ক দিয়ে চলা কষ্টকর।

গত শনিবার দেখা যায়, সাউথ পয়েন্ট স্কুলের সামনে সড়কে সুয়ারেজের পানি জমে আছে। এ ছাড়া সড়কের খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি। এসব গর্তের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের যানবাহন। খানাখন্দের কারণে একটি গাড়ি থেমে অন্য গাড়িকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।

সড়কের উত্তর পাশে জনতা স্টিলের দোকান। দোকানের কর্মচারী মো. রুবেল বলেন, ‘রাস্তা খুব খারাপ দেখতেই পারতেছেন। এ কারণে এ রাস্তায় এখন পর্যন্ত বহু অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি পড়ে গেছে গর্তে।’ তিনি বলেন, ‘এই সড়কে মাঝেমধ্যে সংস্কারকাজ হয়। তবে ভালো করে ঢালাই না দেওয়ায় রাস্তা ভেঙে যায়।’

সড়কের বেহাল দশার কারণে মালিবাগ-খিলগাঁও তিন রাস্তার মোড়ে যানবাহন নিয়ন্ত্রণ করতেও সমস্যায় পড়েন ট্রাফিক নিয়ন্ত্রণকাজে নিয়োজিত ব্যক্তিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন সদস্য বলেন, ‘রাস্তা কেটে ওয়াসার কাজ করা হয়েছে এক মাস আগে। সেই সময় থেকে এখনো কাটা অবস্থায় আছে। সড়কের অবস্থা খারাপ থাকার কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতেও কষ্ট হয়। সবচেয়ে বেশি কষ্ট হয় পথচারী ও যানবাহনের যাত্রীদের।’

এই সড়কে ওয়াসার পাইপলাইন বসানোর কাজ করছে ফল্গু সন্ধানী লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানকার এক শ্রমিক বলেন, খিলগাঁওয়ের ৩২ কিলোমিটার এলাকায় ওয়াসার পাইপলাইন বসানোর কাজ করছেন তাঁরা। কাজ শেষে বালু দিয়ে সড়ক সমান করে দেন। কিন্তু বৃষ্টিতে সেগুলো স্থায়ী হয় না বলে মানুষের দুর্ভোগ হয়।

মালিবাগ চৌধুরীপাড়া এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন। ওয়ার্ডের কাউন্সিলর মো. মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সড়ক ঠিক করতে টাকা দরকার, যা সিটি করপোরেশন ওয়ার্ড কাউন্সিলরদের দেয় না। এ পর্যন্ত আমি সুপারিশ করে তিনবার এই সড়কের কাজ করিয়েছি।’ তিনি বলেন, ‘মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের কাজ চলায় এ সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করে। আন্তনগর বাস, চালের গাড়ি থেকে শুরু করে বড় কাভার্ড ভ্যান সব চলে।’

মো. মোস্তাক আহমেদ বলেন, মাঝেমধ্যে গর্তে সুরকি দেওয়া হলেও বড় গাড়ি চলার কারণে সেগুলো থাকে না। আর বৃষ্টির কারণে সড়ক পিচঢালাই করা যাচ্ছে না। আগামী বছর সড়কের এই সমস্যা আর থাকবে না।