সয়াবিন তেল, ময়দা, হলুদ আর চুনের তৈরি প্রসাধনী
উপকরণ হিসেবে ব্যবহার করা হতো সয়াবিন তেল, পাম অয়েল, ময়দা, কাঠের গুঁড়া, হলুদ ও চুন। এসব দিয়ে তৈরি হতো ফেসওয়াশ, অলিভ অয়েল, হারবাল অয়েল, হেয়ার স্প্রে, হারবাল ম্যাসাজ, হেয়ার রিমুভার ক্রিম, স্ক্র্যাব ও চুলের তেল। এসব পণ্যের ওপর বসানো হতো ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের নামীদামি প্রসাধন কোম্পানির মোড়ক। এভাবে ভেজাল প্রসাধনী তৈরি করে আসছিল সাদিয়া হারবাল নামের একটি প্রতিষ্ঠান।
গতকাল সোমবার প্রতিষ্ঠানটির কামরাঙ্গীরচরের কারখানায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনসামগ্রী এবং এসব তৈরির উপকরণ জব্দ করা হয়।
সোমবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কামরাঙ্গীরচরের পশ্চিম নবীনগরের খোলামোড় এলাকায় সাদিয়া হারবালের কারখানায় যৌথভাবে অভিযান চালিয়ে এসব ভোজাল পণ্য জব্দ করেন ঢাকা জেলা প্রশাসন ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫-এর (এপিবিএন) ভ্রাম্যমাণ আদালত। ভেজাল প্রসাধনী তৈরির অপরাধে বিএসটিআইয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির মালিক আবির হোসেনকে তিন লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করার আদেশ দেন ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সাদিয়া হারবালের প্রসাধনীতে সয়াবিন তেল, পাম অয়েল, ময়দা, কাঠের গুঁড়া, হলুদ, চুন মেশানো হতো। এসব উপকরণ মিশিয়ে বিভিন্ন প্রসাধনী তৈরি করে বাজারে বিক্রি করা হতো। বেশি মুনাফার জন্য ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের কোম্পানির নাম পণ্যের মোড়কে ব্যবহার করত তারা। কামরাঙ্গীরচরে নিজস্ব দোতলা ভবনের কারখানায় দীর্ঘদিন ধরে নকল প্রসাধনী তৈরি করে আসছিল সাদিয়া হারবাল। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১৫ দিন ধরে কারখানাটির ওপর নজরদারি করা হয়।
অভিযানে উপস্থিত বিএসটিআইয়ের কর্মকর্তা খোরশেদ আলম বলেন, সয়াবিন তেল, পাম অয়েল, ময়দা, কাঠের গুঁড়া, হলুদ, চুন দিয়ে তৈরি প্রসাধনী ব্যবহার করা হলে ক্যানসার, চর্মরোগ হতে পারে।
এদিকে পুরান ঢাকার নবাবপুর এলাকায় চারটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদ্যুতের নকল তার, পানির পাম্প মেশিন ও এনার্জি বাতি জব্দ করেন র্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, নবাবপুরের কুমিল্লা মেশিনারি স্টোর থেকে ৪০টি ও সাথী এন্টারপ্রাইজ থেকে ২৪টি নকল পানির পাম্প জব্দ করা হয়। এ ছাড়া মাস্টার ইলেকট্রনিকস নামের একটি দোকান থেকে চার হাজার নকল এনার্জি বাতি ও নাদিম এন্টারপ্রাইজ থেকে ৫১২ কয়েল নকল তার জব্দ করা হয়। কুমিল্লা মেশিনারি স্টোরের মালিক জামাল উদ্দিন, সাথী এন্টারপ্রাইজের মালিক মো. বাবুল, মাস্টার ইলেকট্রনিকসের মালিক মোশাররফ হোসেনকে দুই লাখ টাকা করে এবং নাদিম এন্টারপ্রাইজের মালিক নাদিম হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।