হকার উচ্ছেদ পুলিশ ছাড়া কঠিন: সাঈদ খোকন
পুলিশের সার্বিক সহযোগিতা ছাড়া হকারদের সরানো কঠিন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তা ছাড়া ওয়ার্ড কাউন্সিলর এবং দলীয় কর্মীদের সহায়তায় হকাররা ফুটপাত বা রাস্তা দখল করে বসার সাহস পায় বলে মন্তব্য করেছেন তিনি।
গত সপ্তাহে প্রথম আলোর কাছে মেয়র এ মন্তব্য করেন। গুলিস্তান শপিং কমপ্লেক্স (সাবেক গুলিস্তান সিনেমা হল), বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকাসহ ডিএসসিসির বিভিন্ন রাস্তা ও ফুটপাতে হকারদের অবাধে বসার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন, জানাতে চাইলে মেয়র বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর গুলিস্তান-বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় অন্তত সাতবার হকার উচ্ছেদ অভিযান চালিয়েছি। যতবারই অভিযান হয়েছে, তারা আবার বসে গেছে। সকালে উচ্ছেদ করলে বিকেলে বসে যায়। তারা এমনভাবে ফুটপাত বা রাস্তায় বসে যে এটা যেন তাদের পুরো অধিকার।’
মেয়র বলেন, পুলিশের দায়িত্ব উচ্ছেদের পর হকারদের আর বসতে না দেওয়া। পাঁচ-ছয়জন পুলিশ একযোগে এসে হকারদের বসতে না দিলে তারা আর বসার সাহস পায় না। কিন্তু তা করা হয় না। ফলে যানজট হয়। হকার উচ্ছেদে পুলিশ যদি শক্তভাবে ভূমিকা নিত, তাহলে হকারদের স্থায়ীভাবে সরানো সম্ভব। উচ্ছেদের কাজগুলো অনেক সহজ হয়ে যেত।
সাঈদ খোকন বলেন, ‘শুধু পুলিশ নয়, কাউন্সিলর এবং দলীয় কর্মীদের বিরুদ্ধেও অভিযোগ আছে। এটা বাস্তব। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ কথা আমাকে বলতেই হবে।’
মেয়র বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে হকাররা ফুটপাতে, রাস্তায় বসতে পারবে না। যখন এই স্থগিতাদেশটি আসে, তখন ফুটপাত হকারমুক্ত ছিল। এখনো কিন্তু এই অর্ডার বহাল আছে, কিন্তু কার্যকর হচ্ছে না।
বর্তমান মেয়রের বাবা সাবেক মেয়র মোহাম্মদ হানিফ হকারদের পুনর্বাসন করতে একাধিক বিপণিবিতান করে দিয়েছিলেন। বিষয়টি মনে করিয়ে দিলে সাঈদ খোকন বলেন, ‘এসব মার্কেটে হকাররা যায়, কিন্তু তাদের আত্মীয়স্বজন আবার যেখানে খালি ফুটপাত পেয়ে বসে গেছে।’
হকারদের উচ্ছেদের বিষয়ে তাহলে কি মেয়র হাল ছেড়ে দিয়েছেন? মেয়র বলেন, ‘যা হোক, একটা কিছু তো করতেই হবে। একটা ব্যবস্থা যাতে হয়, অন্তত হকাররা যাতে রাস্তায় না বসতে পারে, সে বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বসতে হবে।’