হকারদের দখলে ফুটওভারব্রিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনের ফুটওভারব্রিজটি পুরোপুরি হকারদের দখলে। অবৈধভাবে দখল করে মালিক বনেছেন হকাররা। বাহারি পণ্যের পসরা সাজিয়ে দেদারসে চালাচ্ছেন বেচাকেনা। ব্যাগ, স্যান্ডেল, চুড়ি, মালা থেকে শুরু করে কী নেই সেখানে। নিউমার্কেটের মতো খুঁটিনাটি সবই পাওয়া যায়। শুধু মানুষের হাঁটার সুযোগ নেই, যে উদ্দেশ্যে ব্রিজটি তৈরি করা হয়েছে। ওই ব্রিজটির একপাশে সারি করে হকাররা দোকান সাজিয়েছেন। তাঁদের একজন রাশিদা খাতুন পুঁতি দিয়ে মালা ও চুড়ি তৈরি করে বিক্রি করেন। তিনি বলেন, ছয় বছর ধরে এসব পণ্যের ব্যবসা করছেন। শাহবাগের ওই ব্রিজে বসছেন এক বছর ধরে। কারও অনুমতি নিয়ে এখানে বসেছেন কি না, জানতে চাইলে রাশিদা বলেন, ‘প্রতি মাসে চাঁদা তুলে আমাগো রফিক। আর কিছু জানি না।’পথচারী কবিতা নাহার বলেন, ব্রিজের ওপর দিয়ে চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হয় নারীদের। হকাররা পথ আটকে নানাভাবে বিরক্ত করে। দুপুরে ফাঁকা রাস্তায় একা কোনো নারীকে দেখে বাজে কথাও বলে কম বয়সী হকাররা।একই চিত্র নগরের বাংলামোটর, ফার্মগেট, নিউমার্কেটসহ প্রায় সব ফুটওভারব্রিজের। এ কারণে অনেক পথচারী ইচ্ছা থাকলেও ব্রিজে ওঠেন না। ঝুঁকি নিয়ে অন্য পথে রাস্তা পার হন। কিন্তু এই অবস্থা নিরসনে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। কয়েকজন পথচারী বলেন, কর্তৃপক্ষ ব্রিজ তৈরি করে দিয়েই দায়িত্ব শেষ করেছে। এটা কাজে লাগছে কি না, তা দেখার প্রয়োজন বোধ করছে না।