হকারদের বিকল্প পুনর্বাসন নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীতে বিভিন্ন সময়ে উচ্ছেদ হওয়া প্রায় চার হাজার হকারকে ওসমানী উদ্যান ও মুক্তাঙ্গন এলাকায় বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। পরিকল্পনা, ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত, স্বরাষ্ট্র ও যোগাযোগসচিবসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করেন। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হকাররা ঢাকার রাস্তায় বিভিন্নভাবে ব্যবসা করে আসছিলেন। ফলে জনগণের চলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে বিভিন্ন সময়ে তাঁদের উচ্ছেদ করা হয়। ১৯৯৭-৯৮ সালে হকারদের দুটি জায়গায় পুনর্বাসনের একটি পরিকল্পনা গ্রহণ করে সরকার। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি। এই পরিকল্পনা অনুসারে তাঁদের পুনর্বাসনের বিষয়ে রিট আবেদনটি করা হলে আদালত রুল জারি করেন।