হকার্স মালিক সমিতি মার্কেটে উচ্ছেদ অভিযান
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের হকার্স মালিক সমিতি মার্কেটে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টিনশেড দোতলা মার্কেটটিতে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
হকার্স মালিক সমিতি মার্কেটে ৫৪০টির মতো দোকান রয়েছে। যার মধ্যে ২৭০টি দোকান বৈধ। বাকি দোকানগুলো অবৈধ বলে জানা গেছে।
হকার্স মালিক সমিতি মার্কেটের স্থানে ১০ তলা মার্কেট তৈরি করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
উচ্ছেদ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আছেন পুলিশের বিপুলসংখ্যক সদস্য।
মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বলেন, করোনার কারণে গত দুই বছর তাঁদের ব্যবসা হয়নি। এখন করোনা নিয়ন্ত্রণে এসেছে। তাই এবার তাঁরা দুই ঈদে ক্ষতি পোষানোর কথা ভাবছিলেন। ঈদুল আজহা পর্যন্ত তাঁদের সময় দিলে ভালো হতো।
অভিযান সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই নোটিশ দিয়েছি। ঈদুল ফিতর পর্যন্ত সময় দিয়েছি। ঈদের পর এখন উচ্ছেদ অভিযান শুরু করছি। এখানে সিটি করপোরেশন ১০ তলা মার্কেট তৈরি করবে।’