হজ মেলা শুরু, মিলবে প্রয়োজনীয় তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘পঞ্চম হজ ওমরাহ মেলা ২০১২’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন।হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক খান বলেন, ‘এ ধরনের মেলা থেকে হজযাত্রীরা এজেন্টদের ঘোষিত প্যাকেজ যাচাই-বাছাই করে বেছে নিতে পারেন।’ ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের নির্বিঘ্নে আসন্ন হজ পালনে সহায়তা করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’হাবের সভাপতি জামাল উদ্দিন আহমেদ জানান, হজ নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীমুক্ত নতুন হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। হজের টাকা সরাসরি সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দিতে হবে। অন্যথায় হজ গমনেচ্ছুদের হজ ভিসা ইস্যু করা হবে না।আয়োজকেরা জানান, পঞ্চমবারের মতো আয়োজিত মেলায় ৪০২টি হজ এজেন্সির পাশাপাশি ব্যাংক, বিমা, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান, লিজিং প্রতিষ্ঠান ও প্যাকেজ ট্যুর অপারেটর অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। মেলা উপলক্ষে হাব হজ বার্তা নামে একটি পত্রিকা বের করেছে। মেলা ঘুরে দেখা গেছে, একটি ব্যাংকের স্টলে ব্যাংকের মাধ্যমে হজের টাকা জমা দেওয়ার নিয়মকানুন, হিসাব পরিচালনাসহ ইত্যাদি বিষয়ে দর্শনার্থীদের জানানো হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে কী কী করণীয়, ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিসের স্টলে হজ গমনেচ্ছুদের তা জানানো হচ্ছে। প্রথম আলোর স্টলে বিনা মূল্যে হজযাত্রীদের জন্য সহায়ক হজ গাইড বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামি আল হিন্দ, জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, সাংসদ মো. মজিবুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, হাবের মহাসচিব এম এ রশিদ শাহ, এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেডের পরিচালক রেজাউল করিম প্রমুখ।এ মেলার মিডিয়া সহযোগী এটিএন বাংলা, সমকাল ও নয়াদিগন্ত।