হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা ও স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রদান কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। রাজধানী ঢাকার ছয়টি স্থানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য দুটি টিকা নিতে হবে। অবশ্য তিন বছরের মধ্যে মেনিনজাইটিসের টিকা নিয়ে থাকলে কাউকে এ টিকা নিতে হবে না। দেশের সব জেলায় সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড জেলা পর্যায়ে হজযাত্রীদের টিকা দেবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালীন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত এ টিকা ও সনদ প্রদানের কাজ চলবে। ঢাকায় টিকা দেওয়ার স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (বহির্বিভাগের তৃতীয় তলা), মিটফোর্ড হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ দ্বিতীয় তলা, ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালের বহির্বিভাগ, ঢাকা ক্যান্টনমেন্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতাল বহির্বিভাগ, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক (সোম ও বৃহস্পতিবার )।ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ১০ সেপ্টেম্বর থেকে আশকোনা হজ ক্যাম্পে টিকা দেওয়া শুরু হবে। ১৭ সেপ্টেম্বর থেকে হজ ফ্লাইট শুরু হবে।