করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
আর বাকি ছিল ৯ দিন। প্রস্তুতি নিয়ে রেখেছিলাম ভালো কিছুর প্রত্যাশায়। হঠাৎ চারদিক থমকে যায়। সাধারণ জীবনের মধ্যে ছেদ পড়ে। আমাদের এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যায়। হয়তো আরও অনেকদিন অপেক্ষা করতে হবে পরীক্ষার জন্য।
এপ্রিলের শুরু থেকে সাধারণ জীবন পাল্টে যায়। পড়াশোনার পাশাপাশি নিজেকে, পরিবারকে ও দেশকে নিয়ে ভাবতে হয়। নিজেদের চেনাজানা জগতে যখন এই ক্রান্তিকাল, তখন সবার ভালো থাকা কামনা করতে করতে দিন কাটে।
স্বাভাবিক জীবনের ব্যস্ততা আমাদের সবার জীবন থেকে ছুটি নিয়েছে। ফেলে আসা দিনের কথাগুলো ভাবি একা কাটানো সময়ে। তবে নিজেকে যাতে একাকিত্বে ভুগতে না হয়, তাই পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটাচ্ছি। যা সবার মধ্যে নতুন করে সম্পর্ক মজবুত করছে।
সেই করোনাকালের শুরু থেকে বেলা আড়াইটায় বসে থাকতাম ভালো খবরের অপেক্ষায়। যে অপেক্ষা এখনো শেষ হয়নি। প্রতিদিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ায় সেই ভালো খবর, ‘দেশ থেকে করোনার বিদায়’ দেখার অপেক্ষাটা দীর্ঘায়িত হচ্ছে।
আপাতত এইচএসসি নিয়ে আমার চিন্তা রূপ নিয়েছে দেশের জন্য চিন্তায়। কবে আবার আসবে সেই সোনালি সময়। যখন মানুষ মানুষ থেকে দূরে থাকতে হবে না। যখন মানুষ তার স্বাভাবিক জীবন ফিরে পাবে।
হয়তো আসবে খুব শিগগরি। তখন আবার হাতে হাত রেখে দেশ গড়ার প্রত্যয়ে বের হব। সেই আশা নিয়ে এখন সবাই দূরত্বটা বজায় রাখি।
ভালো থাকুক দেশের প্রত্যেকটি মানুষ।
*শিক্ষার্থী, নটরডেম কলেজ। [email protected]