হঠাৎ বৃষ্টিতে নগরে স্বস্তি
রাজধানীতে গতকাল রাতে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি নেমে আসে জনজীবনে। এতে করে নগর ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নগরবাসী। বৃষ্টির কারণে ধুলাবালি থেকেও নিস্তার মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে গত দুদিনে বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাসসকে জানান, রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং কিছু সময় বিরতি দিয়ে বেলা ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টি হয়। রুহুল কুদ্দুস আরও জানান, ৮ থেকে ৯ মার্চ আবারও আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং ১০ থেকে ১২ মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোববার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমি লঘুচাপ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।