রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি ফি এক বছরের ব্যবধানে ১০ হাজার টাকা বাড়ানো হয়েছে। গত বছর ভর্তির সময় বিভিন্ন খাতে ফি নেওয়া হয়েছিল সাড়ে ১৪ হাজার টাকা। এবার সেটা করা হয়েছে ২৫ হাজার টাকা।
ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। এদের প্রায় সবাই লেভেল ১-এর সেমিস্টার ২-এর শিক্ষার্থী। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার দিবাগত রাতে ক্যাম্পাসে মিছিল করেছেন। এ সময় মিছিল থেকে উপাচার্যের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে উপাচার্যের গাড়ির কাচ ভেঙে যায়। পরে শিক্ষকেরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফি বাড়ানোর প্রতিবাদে গতকাল বেলা ১১টায় ক্যাম্পাসের ভেতর আবারও মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন। আলোচনা চলাকালে উপস্থিত শিক্ষকেরা রাতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আলোচনায় শিক্ষার্থীরা ভর্তি ফি কমানোর দাবি জানালে উপাচার্য শাদাত উল্লা বলেন, ‘আমাদের এখানে ভর্তি ফি অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম। শিক্ষার্থীদের দাবির কারণে বিষয়টি একাডেমিক কাউন্সিলে তোলা হবে।’
কোন কোন খাতে খরচ বাড়ছে—জানতে চাইলে সভায় উপস্থিত শিক্ষকেরা বলেন, অনুষদগুলোর শিক্ষার্থীদের শিক্ষাসফর বাবদ আগে নেওয়া হতো আড়াই হাজার টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৮ হাজার টাকা। আরও কয়েকটি খাতে বাড়ানো হয়েছে টাকার পরিমাণ।
আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষকেরা বলেন, এ বছর স্নাতক প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কৃষি অনুষদের জন্য লাগবে ১৫ হাজার ১২৫ টাকা, কৃষি ব্যবসা অনুষদের জন্য লাগবে ১৭ হাজার ১২৫ টাকা এবং পশুবিজ্ঞান ও চিকিৎসা অনুষদের জন্য লাগবে ১৯ হাজার ৬২৫ টাকা। এর সঙ্গে হল ফি যোগ করায় টাকার পরিমাণ বেশি দেখাচ্ছে বলে তাঁরা দাবি করেন।
এক বছরের ব্যবধানে কেন ফি বাড়ানো হলো—জানতে চাইলে একাধিক শিক্ষক বলেন, কিছু খাতে ব্যয় বাড়াতে হয়েছে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদের আয় বাড়ানোর কথা বলা হয়েছে। তাই আয়ের মূল উৎস শিক্ষার্থীদের ভর্তি ফি হওয়ায় তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।