হতাহত শ্রমিক পরিবার ক্ষতিপূরণ পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের স্পেকট্রাম গার্মেন্টসের দুর্ঘটনার পাঁচ বছর পূর্ণ হয়েছে গতকাল রোববার। এই দীর্ঘ সময়েও বায়ারদের প্রতিশ্রুতি অনুযায়ী, নিহত শ্রমিকদের পরিবার এবং আহত ব্যক্তিরা এখনো ক্ষতিপূরণ পাননি। আহত শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় গতকাল স্পেকট্রাম গার্মেন্টসের নিহত শ্রমিকদের স্মরণে শোকযাত্রা করেছে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সংগঠন। ‘গার্মেন্টস শিল্পে নিরাপত্তা দিবস’ হিসেবেও দিনটি পালিত হয়েছে। স্পেকট্রাম দুর্ঘটনার পঞ্চম বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।২০০৫ সালের ১১ এপ্রিল সাভারের স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৬৪ জন শ্রমিক নিহত এবং ৮৫ জন আহত হন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন দিবসটি উপলক্ষে হাতে কালো পতাকা নিয়ে মুক্তাঙ্গনে শোকযাত্রা করেছে। এতে আহত শ্রমিকেরা বলেছেন, ‘আমরা এখন মানবেতর জীবনযাপন করছি। ক্ষতিপূরণ পেলে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারতাম।’ বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স বিকেলে লেবার হলে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা কর্মস্থলে শ্রমিকদের পেশাগত, স্বাস্থ্যগত ও নিরাপত্তা নিশ্চিত করা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের দরকষাকষির সুযোগ সৃষ্টির দাবি জানান।