রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ায় গত মঙ্গলবার হা-মীম গ্রুপের একটি তৈরি পোশাক কারখানয় অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। গতকাল বুধবার পাঠানো পৃথক বিবৃতিতে সংগঠনগুলো হতাহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছে।আইন ও সালিশ কেন্দ্র শোক প্রকাশ করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছে।হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কর্মজীবী নারী। এক বিবৃতিতে তারা বলেছে, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এখনো তৈরি পোশাক কারখানাগুলোয় নিরাপত্তামূলক ব্যবস্থা গড়ে তোলা হয়নি। প্রচলিত আইন অনুযায়ী হতাহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেছে। উৎপাদন কার্যক্রমে ফিরে আসতে হা-মীম গ্রুপকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে তারা।শোক প্রকাশ করে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ক্ষতিগ্রস্ত কারখানাটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য সব ধরনরে সহায়তার আশ্বাস দিয়েছে।এ ছাড়া অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নয়াগণতান্ত্রিক গণমোর্চা, বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন।