হত্যা ও ডাকাতি মামলার এক আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পাঁচ দিন পর জামিন পেয়েছেন ডাকাতি ও হত্যা মামলার এক আসামি। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে জামিন দেন।মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান গত সোমবার আলামিন ইয়ামিন নামের এই আসামির জামিন নামঞ্জুর করেন।মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান গতকাল আসামি আলামিনকে ৩০ হাজার টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় জামিন দেন। আদেশে বলা হয়, আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি ১৪ জুলাই থেকে কারাগারে আছেন। আসামির বাবা একজন ব্যবসায়ী এবং অসুস্থ—এই মর্মে কাগজপত্র দাখিল করেছেন। সার্বিক বিবেচনায় ৩০ হাজার টাকার মুচলেকায় আইনজীবীর জিম্মায় তাঁকে জামিন দেওয়া গেল।আলামিনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মোফাজ্জল হোসেন। আবেদনে বলা হয়, আসামির বয়স ১৭ বছর। তিনি তাঁর বাবার দোকান দেখাশোনা করেন। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাই জামিন পেতে পারেন। পুলিশের অপরাধ তদন্ত ও প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার আমিনুর রহমান বলেন, জামিনপ্রাপ্ত আলামিনসহ তিনজন আসামি ঘটনা সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডাকাতির উদ্দেশ্যে হত্যার অভিযোগে করা এ মামলায় আসামিদের তদন্ত পর্যায়ে জামিন দেওয়া ঠিক হবে না বলে সোমবার তাঁদের জামিন নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ।কাফরুল থানায় এই মামলা করেন মাছ ব্যবসায়ী আমিন উদ্দিন। মামলায় অভিযোগ করা হয়, ১৭ জুলাই মগবাজার এলাকা থেকে পিকআপ ভ্যানসহ ৩০ হাজার টাকার মাছ ছিনতাই করেন আসামিরা।