হত্যার সূত্র পাঁচ দিনেও পায়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ হত্যাকাণ্ডের সূত্র (ক্লু) পাঁচ দিনেও পায়নি পুলিশ। এই হত্যা মামলার তদন্ত একই তিমিরে রয়ে গেছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার দাবি করেছে, এ পর্যন্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।রাজধানীর নিকুঞ্জ-১ সংলগ্ন কুড়িল উড়ালসেতুর নিচে রেললাইনের পাশ থেকে গত শনিবার দিবাগত রাত একটার পর মিরাজের রক্তাক্ত লাশ উদ্ধার করে খিলক্ষেত থানার পুলিশ। এ ব্যাপারে আহমেদ ইমতিয়াজ মঙ্গলবার সকালে বাদী হয়ে খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন।পুলিশ সূত্র জানায়, গতকাল পুলিশ, র‌্যাব ও একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মগবাজারে আহমেদ ইমতিয়াজের বাসায় যান। তাঁরা আহমেদ ইমতিয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তদন্তের জন্য মিরাজের ব্যবহূত কম্পিউটার ও মুঠোফোনের নম্বর নিয়ে আসেন।এ বিষয়ে আহমেদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর দুই বোন আইনশৃঙ্খলা বাহিনীকে সাধ্যমতো সহযোগিতা করছেন। মিরাজের অতীত, তিনি যেসব বন্ধুদের বাসায় যেতেন ও যোগাযোগ ছিল এবং যাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল—এসব বিষয়ে তথ্য গতকাল আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েছেন। তিনি বলেন, বাসায় আসা কর্মকর্তারা তাঁকে আশ্বস্ত করেছেন, কিছু সময় লাগলেও হত্যার রহস্য উদ্ঘাটন হবে। গণমাধ্যম সক্রিয় থাকলে তিনি ভাই হত্যার সুষ্ঠু বিচার পাবেন বলে আশা করেন।মিরাজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) কে এম আশরাফউদ্দিন গতকাল বলেন, মিরাজ হত্যার কোনো সূত্র এখনো পাওয়া যায়নি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে তারা ব্যবসায়িক দ্বন্দ্ব, বন্ধু-বান্ধবদের সঙ্গে বিরোধ এবং পরিচিতজনদের সংশ্লিষ্টতার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী আহমেদ ইমতিয়াজের সাক্ষ্য দেওয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা-ও তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই ধারণার ওপর ভিত্তি করেই পুলিশের তদন্ত ঘুরপাক খাচ্ছে।মামলার তদন্ত-তদারক কর্মকর্তা খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত নিয়ে হত্যাকাণ্ডের সূত্র বের করার চেষ্টা চলছে। মিরাজের পরিবারসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যগুলো সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।