হরতাল প্রত্যাহারের দাবি দোকান মালিক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা ৩০ নভেম্বরের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের দোকানমালিকেরা। একই সঙ্গে হরতালের বিকল্প কোনো আন্দোলন-কর্মসূচির দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।গতকাল বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা দেশের ২৫ লাখ দোকানমালিকের পক্ষ থেকে এসব দাবি জানান। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আমির হোসেন খান, মহাসচিব এস এ কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।সম্মেলনে সমিতির নেতারা বলেন, গত কয়েক বছর হরতালবিহীন রাজনৈতিক কর্মকাণ্ড দেখে সারা দেশের স্বল্পপুঁজির ব্যবসায়ী তথা দোকানমালিকেরা অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করেছিল। তা ছাড়া বিগত নির্বাচনের আগে বড় বড় রাজনৈতিক দলগুলোও হরতালবিহীন রাজনীতির আশ্বাস শুনিয়েছিল। তখন ব্যবসায়ীদের বিশ্বাস ছিল, এবার হয়তো প্রকৃত অর্থে অর্থনৈতিক উন্নতি হবে। কিন্তু এই আশা ও বিশ্বাসে চিড় ধরিয়ে গত ঈদের আগমুহূর্তে পূর্ণদিবস হরতাল শুধু হতভম্ব করেনি, বিস্মিত করেছে দোকানমালিকদের।দোকানমালিকেরা জানান, ঈদের আগে হরতাল ডাকায় আর্থিকভাবে তাঁদের প্রচুর ক্ষতি হয়েছে। ঈদের পর ঢাকা মহানগরসহ সারা দেশের দোকানমালিকেরা যখন শীতের ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ও আশা করছিলেন আগামী সপ্তাহে ক্রেতাসমাগম হবে, ঠিক তখনই ৩০ নভেম্বর হরতাল ডাকা হলো। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে তাঁরা আশঙ্কা করছেন।বিমা সমিতি : বাংলাদেশের বেসরকারি বিমা কোম্পানিগুলোর বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বলছে, হরতালের কারণে বিমাশিল্পের ওপর বিরূপ প্রতিক্রিয়া হবে। এতে শুধু বিমাশিল্পের ওপরই নয়, দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। সমিতির চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানিয়েছেন।