হরতাল মড়ার ওপর খাঁড়ার ঘা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইস্যুবিহীন হরতাল ডেকেছেন। এই হরতাল মানুষ পছন্দ করছে না। ঈদের আগে এই হরতাল মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের এ ধরনের কর্মসূচি জনগণ কখনোই সমর্থন করে না। গতকাল রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হরতাল নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সম্পত্তি রক্ষার জন্য এবং সাজসজ্জা ও চেয়ার-টেবিলের জন্য যেভাবে কেঁদেছেন, তা শুধু নাটক-সিনেমাতেই হয়ে থাকে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘লোকদেখানো কান্না দেখিয়ে কোনোভাবেই হরতাল সফল করা যাবে না।’প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগে ডাকা এই হরতাল মড়ার ওপর খাঁড়ার ঘা। এই হরতাল মানুষের কাছে কোনো আবেদন নিয়ে আসেনি। দেশের জনগণ এই হরতাল মেনে নিচ্ছে না। সবাই স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে।বিরোধী দলকে এ ধরনের কর্মসূচি না দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সম্পত্তি রক্ষায় এভাবে হরতাল না ডেকে সংসদে এসে আলোচনায় বসুন। এতে দেশের মানুষও খুশি হবে।’