হরতাল সফল ও প্রত্যাহারের আহ্বান বিভিন্ন সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে ‘অযৌক্তিক’ মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। অন্যদিকে, হরতাল-সমর্থক কয়েকটি সংগঠন একে সফল করার আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার হরতালের পক্ষে-বিপক্ষে সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। তারা পাল্টাপাল্টি অবস্থানের কথা জানিয়ে বিবৃতি দেয়।প্রত্যাহারের আহ্বান: গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করে বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ। হরতাল না ডেকে বিরোধী দলকে সংসদে গিয়ে সমস্যা সমাধানের অনুরোধ করে সংগঠনটি। অন্য এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-মুজাফফর) নেতারা বলেন, হরতালে মানুষের সমর্থন নেই। তার পরও হরতাল দিয়ে জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে।এ ছাড়া বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি, জয় বাংলা সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ পৃথক বিবৃতিতে হরতাল প্রত্যাহারের দাবি জানায়।সফল করার আহ্বান: গতকাল এক বিবৃতিতে হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের সব কটি বার ইউনিটে, আদালত প্রাঙ্গণ ও রাজপথে হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ফোরামের নেতারা।বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এক বিবৃতিতে হরতালকে সফল করার আহ্বান জানিয়েছে। অন্য এক বিবৃতিতে হরতাল সফল করার জন্য আজ রোববার বিকেলে পল্টন মসজিদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সম্মিলিত ওলামা মাশায়েখ।এক যুক্ত বিবৃতিতে ২৩টি সংগঠন হরতালকে সমর্থন জানিয়েছে। সংগঠনগুলো হরতাল সফল করতে দেশবাসীকে আহ্বান জানায়। এসব সংগঠনের মধ্যে রয়েছে: জিয়া সেনা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন, জিয়া শিশু-কিশোর সংগঠন, সচেতন দেশপ্রেমিক ফোরাম, চিরন্তন বাংলাদেশ ফাউন্ডেশন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জাতীয়তাবাদী তৃণমূল দল, নাগরিক অধিকার সোসাইটি, চেতনায় মুক্তিযুদ্ধ।এ ছাড়া ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), জিয়া পরিষদের ১০১ জন বুদ্ধিজীবী হরতালের পক্ষে বিবৃতি দিয়েছেন।