হরতাল সামনে রেখে খালেদা জিয়া জোটের শরিকদের ডেকেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালসহ আন্দোলনের কর্মসূচিকে সামনে রেখে চারদলীয় জোটের তিন শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে আজ বৃহস্পতিবার কথা বলবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অন্য শরিক খেলাফত মজলিসের নেতারা এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।বিএনপি ও শরিক দলের নেতারা জানান, গতকাল বুধবার সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপির চেয়ারম্যান সাংসদ আন্দালিব রহমান ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এ কথা নিশ্চিত করেছেন। তবে খালেদা জিয়া কী নিয়ে কথা বলতে চান, সে বিষয়ে তাঁদের কিছু বলা হয়নি বলে জানান তাঁরা। জামায়াতের এক নেতাও তাঁদের সঙ্গে বিএনপির যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।তবে জোটের আরও দুই শরিক খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক ও মহাসচিব আহমাদ আবদুল কাদের গতকাল বিকেলে জানিয়েছেন, তাঁদের সঙ্গে তখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।