হরতালে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ
মোহাম্মদপুরের টাউন হল বাজারে প্রতিদিন সকালে কাজের আশায় এসে জড়ো হন অসংখ্য দিনমজুর। গতকাল বৃহস্পতিবার সকালেও তাঁরা এখানে এসে অপেক্ষার প্রহর গুনছিলেন। কিন্তু হরতালের কারণে তাঁদের বেশির ভাগই কোনো কাজ পাননি।জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা ১১ ঘণ্টার হরতালে দুর্ভোগে পড়তে হয় রাজধানীর খেটে খাওয়া অসংখ্য শ্রমজীবী মানুষের। ফেরিওয়ালা, চা-সিগারেটের দোকানদার, ফুটপাতের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী, পত্রিকার হকার, ভ্যানচালকসহ নানা শ্রেণীর খেটে খাওয়া মানুষকে হরতালের জন্য দুর্ভোগে পড়তে হয়েছে।গতকাল বিকেল চারটার দিকে টাউন হল বাজারে গিয়ে দেখা যায়, সারা দিন কাজের আশায় বসে থেকে অধিকাংশ দিনমজুর বিফল মনোরথে ফিরে গেছেন। দু-একজন তখনো অপেক্ষা করছেন, যদি শেষ বেলায় কোনো কাজ পাওয়া যায়।অপেক্ষারত দিনমজুর তোরাব আলী জানান, দৈনিক আড়াই শ টাকা মজুরির ভিত্তিতে তিনি মাটি কাটার কাজ করেন। প্রতিদিন সকালে অনেকে এখান থেকে মাটি কাটার জন্য শ্রমিক ভাড়া করে নিয়ে যায়। কিন্তু গতকাল তিনি কোনো কাজ পাননি। তিনি বলেন, ‘অরতালের দিন লোকজন কম থাকে, কেউ কাম করায় না। এজন্যি কাম মিলে না।’টাউন হল বাজারের বিপরীতে ফুটপাতের ওপরে রাখা সারি সারি রিকশা-ভ্যান। মালপত্র পরিবহনের জন্য লোকে এখান থেকে ভ্যান ভাড়া করে। সেখানে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক মো. জসিম, জিলানী, মো. শাহ আলম জানালেন, তাঁরা কেউই গতকাল কোনো কাজ পাননি।জসিম বলেন, ‘অন্য দিন এতক্ষণে এক-দুইটা খ্যাপ পাওয়া যায়। এক খ্যাপ মারলে ৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।’ কিন্তু হরতালের কারণে গতকাল কেউ ভ্যান ভাড়া করতে আসেনি। সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ভাড়া পাওয়া না যায়, তবে খালি হাতে বাসায় ফিরতে হবে।’হরতালের জন্য মন খারাপ পত্রিকার হকার ফারুকের। কিশোর ফারুক প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ফেরি করে পত্রিকা বিক্রি করেন। প্রতিদিন দুপুরের মধ্যে ফারুকের অন্তত ৫০টি পত্রিকা বিক্রি হয়ে যায়। কিন্তু গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত মাত্র ২০টি পত্রিকা বিক্রি হয়েছে। বিক্রি কম হওয়ার কারণ জিজ্ঞাসা করলে ফারুক বলেন, ‘একটা বাসে উঠলেই পাঁচ-সাতটা পেপার বিক্রি হয়ে যায়। কিন্তু আজকে রাস্তায় বাস নাই। এ জন্য পেপার বিক্রি কম হইছে।’গতকালের হরতালে এমনই বিরূপ প্রতিক্রিয়া পড়ে রাজধানীর ফেরিওয়ালা, চা ও পান বিক্রেতা, ফুটপাতের হকার, ভ্রাম্যমাণ দোকানদারসহ বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষের আয়-রোজগারে। অন্য দিনগুলোতে ফার্মগেট এলাকার ফুটপাতের বেশির ভাগ জায়গা হকারদের দখলে থাকলেও গতকাল দুপুরের চিত্র ছিল একটু ভিন্ন। ফুটপাতের বেশির ভাগ জায়গাই ছিল ফাঁকা। অনেকেই দোকান খোলেননি। আবার যাঁরা দোকান খুলেছেন, তাঁরা কাটাচ্ছিলেন অলস সময়। মানুষের আনাগোনা কম থাকায় বিক্রি একেবারেই হচ্ছে না বলে জানালেন হকার মাহাবুব। একই এলাকার চা-সিগারেট বিক্রেতা আসলাম বলেন, ‘লোক বেশি থাকলে বিক্রিও বেশি হয়। আজকে লোক কম, তাই বিক্রিও কম হচ্ছে।’যানবাহন-স্বল্পতায় জনসাধারণের দুর্ভোগ: হরতালের কারণে সকালের দিকে রাস্তায় গাড়ি চলাচল কম ছিল। গন্তব্যে পৌঁছানোর জন্য সাধারণ মানুষের একমাত্র যানবাহন ছিল রিকশা। সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দেন রিকশাচালকেরা। অন্য দিনগুলোর চেয়ে নির্দিষ্ট গন্তব্যে যেতে ১০-২০ টাকা বেশি ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের।লালমাটিয়া আড়ংয়ের সামনে রিকশাযাত্রী মিঠুন বিশ্বাস বলেন, হরতালে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও রিকশাচালকেরা খুব খুশি হয়। বাস কম চলে। সুযোগ বুঝে তারা বেশি ভাড়া হাঁকায়।