হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় ১০টি মামলা
হরতালের আগের রাতে গাড়ি পোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে পল্টন থানায় করা একটি মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।হরতালের আগের রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা ১৩টি যানবাহনে অগ্নিসংযোগ করে। এর মধ্যে পুলিশের ব্যবহূত একটি পিকআপও ছিল। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সৌদিয়া জানান, গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ২৯ নভেম্বর জনৈক কালু মিয়া একটি মামলা করেন। রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকায় গাড়ি পোড়ানোর ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে একটি মামলা করেন। এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।সবুজবাগ থানার পুলিশ জানায়, সবুজবাগে পুলিশের ব্যবহূত পিকআপ পোড়ানোর ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। নাম উল্লেখ করা আসামিরা হলেন ইব্রাহিম, আশরাফউজ্জামান, শামসুল হুদা, ফরমা খোকন ও আউয়াল। এঁদের মধ্যে ইব্রাহিমকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজারে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় দুটি মামলা হয়েছে। শ্যামলীতে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনের নামে একটি মামলা করেছেন জনৈক আবু তাহের। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাস পোড়ানোর ঘটনায় কাফরুল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়েছে। তবে মিরপুর ২ নম্বর এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়নি। কাঁটাবন এলাকায় লেগুনা পোড়ানোর ঘটনায় নিউমার্কেট থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। তবে এলিফ্যান্ট রোডে আরেকটি গাড়ি পোড়ানো হলেও কোনো মামলা হয়নি।ভিক্টোরিয়া পার্কের পাশে বাস পোড়ানোর ঘটনায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে, তবে কেউ গ্রেপ্তার হয়নি।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন সালেহ আহমেদ চৌধুরী জানান, বিমানবন্দর সড়কের বনরূপা প্রকল্পের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।